খেরসন নিয়ে রুশ কমান্ডারের বিরল স্বীকারোক্তি

ইউক্রেনে রুশ সেনাবাহিনীর কমান্ডার স্বীকার করেছেন যে, খেরসনের পরিস্থিতি কঠিন হয়ে উঠছে। স্থানীয় বাসিন্দাদের তিনি শহর ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

গতকাল বুধবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে জেনারেল সেরগেই সুরুভিকিন বলেছেন, ‘ইউক্রেনের সৈন্যদের ছোড়া হিমার্স রকেট শহরের অবকাঠামো এবং বাড়িঘরে আঘাত হেনেছে।’ 

তিনি আরও বলেন, ‘খেরসনের বাসিন্দাদের নিরাপদে শহর ছেড়ে যেতে সব রকম সহায়তা করা হবে।’

তার এই বক্তব্য ইউক্রেনে হামলা চালানো রুশ সৈন্যদের সংকটে থাকার বিরল স্বীকারোক্তি।

এর আগে রুশ সমর্থিত আঞ্চলিক কর্মকর্তা কিরিল স্তেরেমোসভ খেরসনের বাসিন্দাদের সতর্ক করে বলেছিলেন, ‘আমার কথা গুরুত্ব দিয়ে শুনুন। যত তাড়াতাড়ি সম্ভব শহর ছেড়ে চলে যান।’ গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর খেরসন শহরটি প্রথম দখল করেছিল রাশিয়া। গত কয়েক সপ্তাহ ধরে ধীরে ধীরে আশপাশের এলাকা পুনরুদ্ধার করতে শুরু করে ইউক্রেনীয় বাহিনী।   

এদিকে চলমান যুদ্ধে দখলকৃত অঞ্চল পুনর্দখলে ইউক্রেনের তৎপরতা ঠেকাতে বুধবার খেরসন, জাপোরিঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্কে মার্শাল ল’ জারি করে ডিক্রিতে সই করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।