নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পাসপোর্ট অফিসের আশপাশ থেকে দালালচক্রের ১৬ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে ১১৪টি পাসপোর্ট, পাসপোর্টসংক্রান্ত নথিপত্র, অবৈধ সিল ও টাকা জব্দ করা হয়েছে। এ ছাড়া ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানায় পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো সুমন চক্রবর্তী, সাদ্দাম হোসেন মামুন, মোহাম্মদ কামান, মো. আলমগীর, ইয়াসিন আরাফত, ইয়াসিন রানা, আনোয়ার হোসেন, হাসিবুল হাসান শান্ত, ইমরান হোসেন শান্ত, রবিউস সানি, গোলাম রাব্বি, রফিকুল ইসলাম, সিফাত হাসান, রাব্বি সালাম লিমন ও আল-আমিন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু জানান, নারায়ণগঞ্জের এই পাসপোর্ট অফিসের দালালচক্রের ওপর দীর্ঘদিন ধরেই নজর রাখছিল জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশ দপ্তর, ব্যাংকসহ সরকারি বিভিন্ন দপ্তরের সিল, নোটারী পাবলিকের জাল কপি ব্যবহার করে পাসপোর্ট তৈরির কার্যক্রম সম্পন্ন করত। গত মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে চক্রটির ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ডিউটি অফিসারের ১টি ও অন্যান্য প্রতিষ্ঠানের ১৪টি সিল, বিভিন্ন নামে জাল স্ট্যাম্পে ৬৪টি নোটারী পাবলিক কপি, অবৈধ্য প্রক্রিয়ায় তৈরি হওয়া ১১৪টি পাসপোর্ট জব্দ করা হয়েছে। ১৬ জনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।