তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ওপর ক্রেন উল্টে পড়ে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছিল। তিন ঘণ্টা পর ক্রেনটি সরানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে বরমী ইউনিয়নের সাতখামাইর এলাকার ওই অংশে রেলপথের সংস্কার কাজে ব্যবহৃত ক্রেনটি উল্টে রেললাইনের ওপর পড়ে যায়। পরে খবর পেয়ে বিভিন্ন স্টেশনে তিনটি ট্রেন দাঁড় করিয়ে রাখা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ রেলপথঘেঁষা সড়ক পথের কাজও করছিল ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন।

এ সময় উচু একটি ক্রেন দিয়ে রেলওয়ের লোকজন রেলপথের স্লিপার বসানোর কাজ করছিলেন।

হঠাৎ নিয়ন্ত্রণহীন হয়ে ক্রেনটি উল্টে পড়ে রেললাইনের ওপরে। পরে তারা বিভিন্নভাবে উল্টে পড়া ক্রেনটি সরানোর চেষ্টা করে। কিন্তু ক্রেনটি বেশ বড় হওয়াতে সরানো যায়নি।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, নানা সময় সড়কের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম খামখেয়ালি ব্যবহারের কারণে প্রায় সময় রেলপথে চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। কতদিন আগে রেলপথ ঘেঁষে একটি সড়ক রোলার রেখে দেয় ঠিকাদারি কাজের লোকজন। পরে ট্রেন যাওয়ার সময় সে রোলারে ঘর্ষণ লাগে।

এতে ট্রেনের বেশজন যাত্রী গুরুতর আহত হয়। ওই ঘটনায় একজনের মৃত্যুও হয়েছিল।

তারা দাবি করেন, আরও সতর্ক হয়ে রেলের পাশের কাজ করার জন্য। এতে অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়ানো যাবে। 

সূত্র জানায়, এ ঘটনায় শ্রীপুর রেলওয়ে স্টেশনে ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস, কাওরাইদ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী জামালপুর কমিউটার এক্সপ্রেস, রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেন আটকা ছিল। পরে ক্রেন সরানো হয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শ্রীপুর রেলওয়ে স্টেশনমাস্টার মো. হারুন অর রশিদ দেশ রূপান্তরকে জানান, রেলের ৩৩৪/৮-৯ কিলোমিটার নম্বরে পিলারের কাছে সাতখামাইর স্টেশনের আউটার সিগন্যালের কাছে ক্রেনটি উল্টে যায়। পরে অন্য একটি ক্রেন দিয়ে দুর্ঘটনা কবলিত ক্রেনটিকে স্লিপারের ওপর থেকে উঠানোর চেষ্টা করা হয়। কিন্তু অতিরিক্ত ওজন হওয়ায় সেটি সরানো যায়নি। বেলা সাড়ে ১১টার দিকে ক্রেন সরানো হলে এ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।