রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়ে বরখাস্ত মাদাগাস্কারের মন্ত্রী

জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়ার দায়ে মাদাগাস্কারের পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট। ইউক্রেনের চারটি অঞ্চলকে গণভোটের মাধ্যমে রুশ ভূখণ্ডে যুক্ত করার নিন্দা জানিয়ে গত সপ্তাহে জাতিসংঘে ভোট দিয়েছিলেন তিনি।

গত বুধবার এক প্রতিবেদনে রয়টার্স জানায়, মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনার কার্যালয়ের দুই সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, রাশিয়াকে নিন্দা জানানোর প্রস্তাবে যারা সমর্থনে ভোট দিয়েছেন তাদের একজন হওয়ার কারণে পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড র‌্যান্ড্রিয়ামান্দ্রাটোকে বরখাস্ত করা হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ আফ্রিকার অনেক দেশকে বিব্রতকর কূটনৈতিক অবস্থানে ফেলেছে। অনেকেরই পশ্চিম এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সম্পর্কের পাশাপাশি রাশিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্কের জটিল ইতিহাস রয়েছে। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর কিছু পশ্চিমা দেশকে হতাশ করে আফ্রিকার এসব দেশ মূলত যুদ্ধে কোনো পক্ষ নেওয়া এড়িয়ে গেছে। গত সপ্তাহ পর্যন্ত মাদাগাস্কারও ইউক্রেনের সংকট সংক্রান্ত ভোটাভুটিতে ভোটদানে বিরত ছিল।

গত সপ্তাহে রাশিয়ার বিরুদ্ধে ভোটে বিরত থাকা ৩৫টি দেশের মধ্যে ১৮টি আফ্রিকান দেশ। এছাড়া রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া এবং নিকারাগুয়া প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়।