গরুর রক্ত নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় আহত ব্যক্তির মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে জবাইকৃত রক্ত অপসারণ নিয়ে দ্বন্দ্বের জেরে সেলিম হোসেন (৩৫) নামের একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) এ চিকিৎসাধীন অবস্থায় সেলিম হোসেন নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। 

নিহত সেলিম হোসেন উপজেলার চরসাদিপুর ইউনিয়নের ঘোষপুর মধ্যপাড়ার আবু মুসার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় চরসাদিপুর ইউনিয়নের ঠেলাঠেলি বাজারে গরু জবাইয়ের পরে রক্ত অপসারণ নিয়ে উক্ত বাজারের ভাংড়ী মালামালের ব্যবসায়ী সেলিম হোসেনের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। এর জের ধরে স্থানীয় রবিউল প্রামাণিক, আমির হামজা, শহিদুল, শাহাজালালসহ বেশ কয়েকজন বাঁশ ও কাঠের লাঠি এবং রড দিয়ে হামলা চালায়। এ সময় সে মাথায় মারাত্মকভাবে আহত হয়। 

পরে তাকে উদ্ধার করে পাবনা হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তিনি মারা যান। 

চরসাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেছের আলী খাঁ জানান, শুক্রবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঠেলাঠেলি বাজারে মারামারি হয়। এ সময় সেলিম হোসেন নামের একজন আহত হয়। সে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী হাসপাতালে মারা গেছে। 

এ ঘটনার পরে বৃহস্পতিবার সন্ধ্যায় উক্ত এলাকায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। 

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উক্ত এলাকায় যাতে আবারও সংঘাতের সৃষ্টি বা কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এ জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।