‘আমাকে হাসপাতালে নেন, আমি মনে হয় বাঁচব না। আমার পেটের ভেতরের অবস্থা ভালো না।’ সিএনজিতে হাসপাতালে যাওয়ার সময় এভাবেই বাঁচার আকুতি করেন সিরাজুল ইসলাম মুক্তি (৪৮) নামে এক মোটরসাইকেলচালক। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী দনিয়া কলেজের সামনে লাল-সবুজ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। সড়কে ছিটকে পড়ে বাাঁচার জন্য ছটফট করেন তিনি। ফারুক নামে এক পথচারী তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। রাত ১১টার দিকে প্রাণ হারান তিনি।
এদিকে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আরও চারজন নিহত হয়েছে। এর মধ্যে নরসিংদীতে মোটরসাইকেল, ইজিবাইক ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। বগুড়ার ধুনট উপজেলার অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে এক দিনমজুর নিহত হন। বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় ৪ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
রাজধানীতে বাসের চাপায় মোটরসাইকেলচালক নিহত : সড়কের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সিরাজুল। এ সময় লাল-সবুজ পরিবহনের একটি বেপরোয়া বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিরাজুলকে চাপা দেয়। এতে তার পেট ও বাম পা মারাত্মক জখম হয়। বাঁচার জন্য হাসপাতালে নিতে বারবার পথচারীদের আকুতি করেন সিরাজুল। সিরাজুলকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী ওমর ফারুক রিফাত দেশ রূপান্তরকে বলেন, মোটরসাইকেল নিয়ে যাত্রাবাড়ী হয়ে ঢাকার দিকে ঢুকছিলেন ওই ব্যক্তি। তখন একটি বাস তাকে চাপা দেয়। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে সড়কের পাশে রাখে পথচারীরা। পরে একটি সিএনজিতে তুলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। তার বাম পা বাসের চাকায় পিষ্ট হয়ে মারাত্মক জখম হয়। পেটেও আঘাতপ্রাপ্ত হন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, নিহতের সঙ্গে থাকা বিভিন্ন কাগজপত্র থেকে তার নাম সিরাজুল ইসলাম মুক্তি, বাবার নাম নুর মোহাম্মদ সরদার বলে জানা গেছে। তিনি থাকতেন মিরপুর ১২ নম্বর সেক্টর এলাকায়। ব্যবসার পাশাপাশি মোটরসাইকেলের রাইড শেয়ারিং করতেন।
নরসিংদীতে দুই মোটরসাইকেল আরোহী নিহত : নরসিংদীতে মোটরসাইকেল, ইজিবাইক ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের শালিধা চৌয়ালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও দুজন । তাদের একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
নিহতরা হলেন সাহেপ্রতাব এলাকার বিপ্লব (১৯) ও দ্বীপ (২০)। আহতরা হলেন নাজিম উদ্দিন (২২) ও লামিন (১৮)।
পুলিশ সূত্রে জানা যায়, দ্বীপ তার বন্ধু বিপ্লব ও লামিনকে নিয়ে মোটরসাইকেলযোগে সাহেপ্রতাব থেকে নরসিংদী শহরের দিকে আসছিলেন। তাদের মোটরসাইকেলটি শালিধা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহীরা ইজিবাইকের নিচে পড়েন। ঘটনাস্থলেই দ্বীপ ও বিপ্লব নামে দুজন মারা যান। এ সময় আহত হন সাইকেল আরোহী নাজিম উদ্দিন ও মোটরসাইকেল আরোহী লামিন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
বগুড়ায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষ, দিনমজুর নিহত : বগুড়ার ধুনট উপজেলার ধুনট-জোড়শিমুল সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে এক দিনমজুর নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে ধুনট উপজেলার ধুনট-জোড়শিমুল সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও একজন।
রনজু মিয়া সারিয়াকান্দি উপজেলার চরপাড়া-মথুরাপাড়া গ্রামের হোসেন আলী প্রামাণিকের ছেলে। তিনি শেরপুরে সাত দিন দিনমজুরের কাজ করে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, সিএনজিচালিত অটোরিকশাটি সকাল ৮টার দিকে শেরপুর থেকে চারজন যাত্রী নিয়ে সারিয়াকান্দি কড়িতলা এলাকার দিকে যাচ্ছিল। পথে ধুনট সরকারি ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীদের সবাই আহত হন। তাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রনজুকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাস্থল থেকে সিএনজিটি জব্দ করা হয়েছে। তবে সিএনজিচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে জানান এই কর্মকর্তা।
এদিকে বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় ৪ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন পারভিন আক্তার (৩০) ও ওমর ফারুক (৪০)। তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদির হোসেন জানান, একটি ভ্যানে চড়ে নিহত শিশুসহ আহতরা শেরপুরের গাড়িদহ স্ট্যান্ড থেকে মহিপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় এক ডেইরি ফার্মের সামনে বগুড়াগামী একটি ট্রাক ভ্যানে চাপা দেয়।