মেসির সাক্ষাৎকারের সুযোগ পেয়ে সাংবাদিকের কান্না

প্রিয় তারকাকে স্বচক্ষে দেখতে পেয়ে আবেগতাড়িত হওয়া ঘটনা নতুন কিছু নয়। লিওনেল মেসির ভক্তদের এসব কাণ্ড প্রায়ই ঘটে। তার সঙ্গে একটি সেলফি কিংবা স্বাক্ষর নিতে পেরে চোখের জল ঝড়াতে দেখা গেছে বহু সমর্থকদের। তবে এবার কোনো ভক্ত নয়। খোদ ক্রীড়া সাংবাদিক আর্জেন্টাইন তারকার সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পেয়ে কেঁদে দিলেন। ডিরেক্টিভি স্পোর্টস চ্যানেলটির উপস্থাপক ও ধারাভাষ্যকার পাবলো জিরাল্ট মেসির সাক্ষাৎকার নিতে গিয়ে কেঁদেই ফেললেন।

বর্তমানে পিএসজির হয়ে মাঠ মাতানো মেসির সাক্ষাৎকার নেওয়াটা পাবলোর কাছে ছিল স্বপ্ন। অবশেষে তা সত্যি হয়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে আর্জেন্টিনার ডিরেক্ট টিভি স্পোর্টসের সাংবাদিক পাবলো গিয়ারাল্টের কান্নার ভিডিও। মেসির সাক্ষাৎকার নেবেন—এমন স্বপ্ন ছিল তাঁর অনেক দিন ধরে।

সে স্বপ্ন সত্যি হওয়ার পর চোখের জল আর আটকে রাখতে পারেননি। ভেজা চোখে পাবলো মেসিকে বলেছেন, ‘সারা জীবন ধরে স্বপ্ন দেখেছি। কখনো ভাবিনি এতটা সৌভাগ্য আমার হবে—আপনার সঙ্গে আমার গল্প, ভালোবাসা ভাগ করে নেব। আপনাকে হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই।’

জীবনে বহু সাক্ষাৎকার দিয়েছেন মেসি, কিন্তু এভাবে তার সামনে কাউকে কেঁদে ফেলতে দেখেননি আর্জেন্টাইন মহাতারকা। এবার দেখলেন, খানিকটা কিংকর্তব্যবিমূঢ়ও যেন হয়ে গেলেন। এরপরই সামলে নিতে চেষ্টা করলেন। তবে পাবলোর চোখের জলের আবেগ ঠিকই ছুঁয়ে গেছে মেসিকেও। হাত বাড়িয়ে দিয়ে বললেন, ‘আপনাকে ধন্যবাদ’।

সাক্ষাৎকারের শুরুতে দেখা যায়, পাবলো মেসির বাড়িতে গিয়ে উঠছেন, আর্জেন্টাইন তারকা নিজে দরজা খুলে দিয়েছেন তাকে। শুরুর আগেই তিনি জানিয়ে দেন, সাক্ষাৎকার নিতে নয়, মেসির সঙ্গে দেখা করতেই তিনি সেখানে গিয়েছেন। সাক্ষাৎকারটা টিকেছে এক ঘণ্টারও কিছু বেশি সময়। সে সময় মেসি জিরাল্টকে বলেছেন, দুঃসময়ে তার স্ত্রী-সন্তানরা তাকে কিভাবে সমর্থন দেন, তার জীবনে তার মা-বাবার ভূমিকা কেমন, আর্জেন্টিনায় তার ভবিষ্যৎ, ইত্যাদি।

শেষ অংশে এসে জিরাল্ট মেসির বেশ কিছু গোলে তার ধারাভাষ্যের ভিডিও দেখান। শুরুটা করেন আর্জেন্টিনা ও প্যারাগুয়ের একটা যুব প্রীতি ম্যাচে মেসির গোল দিয়ে। এই দেখে মেসি বলেন, ‘আমি জানতামই না আপনি সেই ম্যাচের ধারাভাষ্য দিচ্ছিলেন!’

এই ফুটবল জাদুকরের সঙ্গে সাক্ষাৎকারের নিজের অনুভূতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন আর্জেন্টাইন এই সাংবাদিক। জিরাল্ট বলেন, ‘আমি ভেনাদো তুয়ের্তো থেকে উঠে আসা একজন মানুষ, যে সারা জীবন এই পেশার স্বপ্ন দেখেছে। কিন্তু আমি কখনো কল্পনাই করিনি আমি কখনো আপনার সঙ্গে বসতে পারব, আপনার ক্যারিয়ারের জন্য, আপনার জন্য আমার যে ভালোবাসা আছে, সেটা দেখাতে পারব। আমি আমার পুরো হৃদয় দিয়ে আপনাকে ধন্যবাদ জানাই।’

এমন ভালোবাসায় আপ্লুত হয়ে পড়েন মেসি নিজেও। বলেন, ‘আপনাকে ধন্যবাদ। আর্জেন্টিনা বা সারা বিশ্বের মানুষজনের কাছে পৌঁছে যেতে পেরে আমি রোমাঞ্চিত। ফুটবলার হিসেবে, মানুষ হিসেবে তারা সবসময় ভালোবেসে; এই সাক্ষাৎকার, এই পর্দার মাধ্যমে আমি তাদের জানাতে চাই, আপনারা আমাকে সারা ক্যারিয়ার জুড়ে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমিও আপনাদের কাছে চিরকৃতজ্ঞ।’