পাবনার সাঁথিয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
শনিবার (২২ অক্টোবর) সকাল ৭টার দিকে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের ভিটাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বেড়া উপজেলার আমিনপুর থানার ভাটিকয়া গ্রামের আনসার আলীর ছেলে ফরমান আলী (৩০) ও সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার মাধপুর চরপাড়া গ্রামের জামাল শেখের মেয়ে মাহবুবা ইয়াসমিন (২৫)। তারা সম্পর্কে দুলাভাই ও শ্যালিকা।
সাঁথিয়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে মাধুপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইসহাক আলী বলেন, ফরমান আলী গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার শ্যালিকাও আরেক কারখানায় কাজ করতেন। তারা শনিবার সকালে গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথে গাছে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে দুজনই মারা যান।
এসআই আরও বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, পেছন থেকে কোনো গাড়ি ধাক্কা দেওয়ায় কিংবা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের পরিবার অভিযোগ দিলে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।