১২ দাবি পূরণে শিক্ষার্থীদের স্মারকলিপি

১২ দফা দাবিতে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষের বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। গতকাল রবিবার সকালে ডা. সুনির্মল রায়ের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছেÑ স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ভূমি অধিগ্রহণসহ যাবতীয় কাজ অতি দ্রুত বাস্তবায়ন, অস্থায়ী হোস্টেলে প্রতিটি শিক্ষার্থীর আবাসন নিশ্চিতকরণ, অস্থায়ী ক্যাম্পাসে পর্যাপ্ত ক্লাসরুম ও অন্যান্য সরঞ্জমাদি ব্যবস্থা, শিক্ষক সংকট নিরসন, অবিলম্বে রেজিস্ট্রারসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ প্রদান, প্রতিটি ফেজের সব বিভাগ পূর্ণাঙ্গভাবে চালু করা, বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ ল্যাব সুবিধা প্রদান ও টেকনিশিয়ান নিয়োগ, অস্থায়ী ক্যাম্পাসে ক্যাফেটেরিয়া চালু, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন, ক্রীড়া কমিটির কাছে খেলাধুলাসামগ্রী প্রদান, লাইব্রেরিতে বই ও আসনের ব্যবস্থা এবং অধ্যয়নের জন্য পর্যাপ্ত সময়দান ইত্যাদি। এর আগে মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীরা দাবি আদায়ে মানববন্ধন করেন।