শিক্ষার্থী তরুণী বৃদ্ধা ধর্ষণের শিকার

মানিকগঞ্জের সাটুরিয়ায় এক এসএসসি পরীক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে ফাহিম নামে এক বখাটে একাধিকবার ধর্ষণ করেছে বলে থানায় জিডি করেছেন পরিবারের সদস্যরা। তারা জানিয়েছেন, ফাহিম বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলে ওই ছাত্রী বিষপান করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিউতে রয়েছে।

ভুক্তভোগীর বাবা বলেন, ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আমার মেয়ে মাত্রাতিরিক্ত বিষপান করায় তার দুটি কিডনি ও লিভার নষ্ট হয়ে গেছে। মেয়ের বেঁচে থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এ বিষয়ে দরগ্রাম ইউপি চেয়ারম্যান মো. আলীনূর বকস রতন বলেন, বিষয়টি আমাকে মেয়ের পরিবার থেকে জানিয়েছে। আমি তাদের আইনগত ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছি।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস জানান, মেয়ের বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে।

এদিকে ফরিদপুরের মধুখালী উপজেলায় ১৫ বছরের এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ পরিচয় দেওয়া আলী হোসেন ওরফে রাকিব শেখ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ফরিদপুরের সহকারী পুলিশ (মধুখালী সার্কেল) সুমন কর এ তথ্য জানান। রবিবার রাত ৩টার দিকে উপজেলার বাগাট বাজার এলাকা থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয়।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর বলেন, রাকিব পুলিশের ভুয়া একটি আইডি কার্ড তৈরি করে তা দেখিয়ে এক তরুণীকে অপহরণ করে। পরে মধুখালীর একটি ভাড়া বাড়িতে রেখে ইচ্ছার বিরুদ্ধে ধারাবাহিকভাবে ধর্ষণ করে। পরে মধুখালী থানায় অভিযোগ দায়ের করে ভুক্তভোগী ওই তরুণীর পরিবার।

এ ছাড়া টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় হাত-মুখ চেপে ধরে ৭০ বছরের এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। তার নাম মো. ইব্রাহীম (৪৫)। গতকাল সকালে বৃদ্ধার ভাই ভূঞাপুর থানায় ধর্ষণ মামলা করেছেন। বিকেলে ইব্রাহীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৩ অক্টোবর সকাল ১০টায় উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটল গ্রামের যমুনার দুর্গম চরাঞ্চলে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার এসআই (মামলার তদন্ত) মো. লিটন মিয়া জানান, আসামিকে গ্রেপ্তার করে গতকাল সন্ধ্যায় আদালতে পাঠানো হয়েছে। বৃদ্ধার মেডিকেল পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।