মৌলভীবাজারের বড়লেখায় দুই মাস বয়সী শিশুপুত্রকে হত্যার অভিযোগে পিতা আব্দুল মতিনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার পূর্ব দোহালিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, ঘরে বউ থাকা সত্ত্বেও মতিন একাধিক বিয়ে করে। গত কয়েকদিন ধরে প্রথম স্ত্রী লাবণী আক্তারের সঙ্গে দাম্পত্য কলহ চলছিল মতিনের। সর্বশেষ রোববার বিকেলে তাদের মধ্যে ঝগড়া হয়। তখন মতিন তার স্ত্রীকে মারধরের একপর্যায়ে দুই মাসের শিশুপুত্রের ওপরও আঘাত করে। খবর পেয়ে ওইদিন সন্ধ্যায় শিশুপুত্রসহ লাবণীকে তার বাবার বাড়ির লোকজন তাদের বাড়িতে নিয়ে যান।
সোমবার সকালে শিশুপুত্রের শরীর খারাপ করলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।