মাকে খুন করে খাটের নিচে লাশ লুকানো ছেলে আটক

টাঙ্গাইলে 'মাদকাসক্ত' আবুল কালামের (৩০) হাতে তার মা সালমা বেগম (৫০) খুন হয়েছে। যিনি সদরের বল্যা এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মুহাম্মদ আলী সেকের স্ত্রী।

সোমবার (২৪ অক্টোবর) রাতে শহরের ঘটনাটি ঘটে। পুলিশ এ ঘটনার সাথে জড়িত কালামকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর যাবৎ কালাম মাদকের সাথে জড়িয়ে পড়ে। সোমবার সন্ধ্যায় কালাম মায়ের কাছে মাদক কেনার টাকা চান। টাকা না দেওয়ায় মাকে পিটিয়ে হত্যা করে। পরে লাশ কম্বল পেঁচিয়ে খাটের নিচে লুকিয়ে রাখে। 

তারপর, কালামের ছোট ভাই ঘরে ফিরে মায়ের লাশ খাটের নিচে দেখতে পায়। এ সময় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, এঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।