কবীর সুমনের কথা ও সুরেই হচ্ছে গান দুটি

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন ঢাকায় গান শোনাতে এসে ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনটি অনুষ্ঠান শেষে তিনি ফিরে গেছেন নিজ শহর কলকাতায়। তবে তিনি আবার আলোচনায়। আসিফ আকবরের সঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দিলেন তিনি। কথা বলেছেন আসিফ আকবর

নতুন গান...

‘আসিফ চলছে একান্নয়, কবির চলছে তিয়াত্তর/ চলতে চলতে রাত ফুরোয়/ রাত পেরোলেই আসবে ভোর’ এমন কথার গানটি কবীর সুমনেরই লেখা ও সুর করা। সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। গানের রেকর্ডিং হয়েছে ঢাকার বাংলা ঢোল স্টুডিওতে। গানটি প্রকাশ পাবে আর্ব এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। তার সঙ্গে দ্বৈত গান করার অনুভূতি অসাধারণ। কবীর সুমন উপমহাদেশের কিংবদন্তি শিল্পী। আধুনিক বাংলা গানকে নতুন রূপ দিয়েছেন তিনি। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে কবীর সুমন এখনো স্বমহিমায় উজ্জ্বল। আমি মনে করি, তার মতো শিল্পীর সঙ্গে গাইতে পারাটা যেকোনো শিল্পীর জন্য গর্বের এবং আনন্দের।

কবীর সুমনের সঙ্গে...

কবীর সুমনের কথা ও সুরে আগেও গেয়েছি। একসঙ্গে কাজ করার আগেই তিনি আমার গান শুনেছিলেন। শিল্পী হিসেবে আমার প্রতি তার আস্থা ছিল বলেই আমাদের একসঙ্গে গান করা। আস্থার সেই জায়গাটা এখন আরও শক্ত হয়েছে। কবীর সুমনের সঙ্গে মোট ১১টি গান করা হয়েছে। কবীর সুমনের সঙ্গে গান নিয়ে আরও অনেক পরিকল্পনা আছে। একে একে সব জানাবো।  ইতিমধ্যে আরও দুটি গান রেডি হয়েছে। কবীর সুমনের কথা ও সুরেই হচ্ছে গান দুটি। আমার কণ্ঠ দেওয়া বাকি আছে।

দ্বৈত গানের পরিকল্পনা...

তিনি এবার বাংলাদেশে অনুষ্ঠান করতে আসার আগেই এই গান নিয়ে পরিকল্পনা হয়েছে। আমি যেহেতু পাসপোর্টের কারণে দেশের বাইরে যেতে পারি না, তাই তিনিই বাংলাদেশে আসার পরিকল্পনা করেন। এর মাঝে অনুষ্ঠানটি একটি উপলক্ষ যোগ করে। দেশে আসার আগেই তিনি গানের কথা ও সুর পাঠিয়ে দিয়েছিলেন। আমরা গানটি তৈরি করে রাখি। বাংলাদেশে আসার পর তিনি অনুষ্ঠান শেষে ২২ অক্টোবর কলকাতায় ফেরার পরিকল্পনা করেছিলেন। যেহেতু গানটির ভয়েজ রেকর্ডিং বাকি ছিল, তাই ২৩ অক্টোবর রেকর্ডিং শেষ করে গত সোমবার তিনি কলকাতা ফিরে গেছেন।

সম্পর্কের শুরু...

অনেক দিন আগের কথা। কবীর সুমনের একজন মিডিয়া ছিলেন। তিনিই প্রথম আমাকে কবীর সমুনের সঙ্গে কাজের প্রস্তাব দেন এবং পরিচয় করিয়ে দেন। এরপর সুমনের সঙ্গে আমার সরাসরিই কথা হতে থাকে। উনি আমাকে পুত্রসমান স্নেহ করেন। তার প্রতি আমারও শ্রদ্ধা অপরিসীম।

অন্য গান...

গান হচ্ছে নিয়মিতই। বিভিন্ন কোম্পানির গান করছি। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে সেসব গান মুক্তি পাচ্ছে। এগুলো নিয়মিত কাজ। তার মাঝে স্পেশাল কিছু ব্যাপার থাকে। কবীর সুমনের সঙ্গে গাওয়া গান তেমন স্পেশাল গান। স্পেশাল প্রাপ্তি।