বিনা প্রতিদ্বন্দ্বীতায় ব্রিটেনের কনজারভেটিভ দলের সভাপতি নির্বাচিত হওয়ার পরদিন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশটির প্রধানমন্ত্রী হয়েছেন ঋষি সুনাক।
বিবিসি জানিয়েছে গতকাল মঙ্গলবার বাকিংহাম প্যালেসের বিশেষ অতিথি কক্ষে ১৮৪৪-এ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন ঋষি। এরপর তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের আমন্ত্রণ জানান রাজা। রাজার আমন্ত্রণ সসম্মানে গ্রহণ করে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এর আগে নিয়ম অনুযায়ী রাজা চার্লসের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন লিজ ট্রাস। এরপরই বাকিংহ্যাম প্যালেসে আসেন ঋষি সুনাক।
বাকিংহ্যাম প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে, লিজ ট্রাস সকালে রাজার সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী ও কোষাগারের ফার্স্ট লর্ডের দায়িত্ব ছাড়তে পদত্যাগপত্র জমা দেন। রাজা আন্তরিকতার সঙ্গে তা গ্রহণ করেন।
রাজার সঙ্গে সাক্ষাৎ করে টেন ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবনে প্রবেশের আগে এর সামনে ভাষণ দেন ঋষি সুনাক। ভাষণে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী লিজ ট্রাসের করা ভুলগুলো শুধরানোর অঙ্গীকার করেন তিনি।
ছয় মিনিটের এই ভাষণে ঋষি বলেন, ‘আমাদের কিছু ভুল হয়েছে। যদিও এর পেছনে কোনো খারাপ উদ্দেশ ছিল না বরং এর উল্টোটাই ছিল। কিন্তু তারপরও ভুল হয়েছে। সেই ভুলগুলোকে ঠিক করার জন্যই আমি পার্টির নেতা এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছি। আর সেই কাজ অনতিবিলম্বে শুরুও হয়ে গেছে। আমি অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আস্থা ফেরানোকে এই সরকারের কর্মসূচির প্রাণকেন্দ্রে রাখব’।
গত সোমবার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন এবং মনোনয়ন জমা দেওয়ার সময় শেষের কয়েক মিনিট আগে পেনি মরডান্ট সরে দাঁড়ানোয় কনজারভেটিভ দলে সভাপতি হন ঋষি সুনাক। পরদিন রাজসাক্ষাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চলতি বছর ব্রিটেনের তৃতীয় প্রধানমন্ত্রী হলেন তিনি।