গ্যাসের জন্য পদক বিক্রির হুমকি নির্মলেন্দু গুণের

স্বাধীনতা পদক ও একুশে পদক বিক্রি করে দেওয়ার হুমকি দিয়েছেন কবি নির্মলেন্দু গুণ। গতকাল মঙ্গলবার এক ফেইসবুক পোস্টে বাড়িতে দ্রুত গ্যাসের সংযোগ না দিলে নিজের রাষ্ট্রীয় এ পদকগুলো বিক্রি করে দেওয়ার হুমকি দেন তিনি। গ্যাস সংযোগের জন্য সরকারকে এক মাসের সময়ও বেঁধে দিয়েছেন তিনি।

ফেইসবুক পোস্টে নির্মলেন্দু গুণ লিখেছেন, ২০১৬ সালে রাজধানীর কামরাঙ্গীরচরে একটি তিনতলা বাড়ি বানান। বাড়িটিতে বিদ্যুৎ সংযোগ পেলেও গ্যাসের সংযোগ না পাওয়ায় তাকে বাজার থেকে তরল গ্যাস কিনে ব্যবহার করতে হচ্ছে। এতে আর্থিক ক্ষতি হচ্ছে জানিয়ে তিনি ওই পোস্টে লেখেন, ‘খোলাবাজার থেকে চড়া মূল্যে আমাকে তরল গ্যাস কিনতে হয়। এ ক্ষতি পোষাতে আমি পুরস্কারের সঙ্গে পাওয়া আমার স্বর্ণপদক দুটি বেচে দেওয়ার কথা ভাবছি।’

স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত গুণিজনদের অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবি জানান নির্মলেন্দু গুণ। এ ছাড়া রেল ও বিমানের টিকিটও তাদের জন্য সংরক্ষিত রাখার পরামর্শ দিয়েছেন। তিনি মনে করেন, রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার পাওয়া ব্যক্তিদের এরকম সামান্য বাড়তি সুবিধা দেওয়া যেতেই পারে।

বর্তমানে দেশে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়া বন্ধ রেখেছে সরকার।