ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে ইরানকে কাতার বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করে ইউক্রেনকে খেলার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশটির এক ফুটবল কর্মকর্তা।
শাখতার দোনেৎস্কের সিইও সের্গেই পালকিন ফেইসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘ইরানের নেতারা যখন বিশ্বকাপে নিজেদের জাতীয় দলের খেলা দেখে মজা পাবে, তখন ইরানের ড্রোন এবং মিসাইলে ইউক্রেনিয়ানদের হত্যা করা হবে। সবই (ড্রোন) ইরানের তৈরি করা এবং ইরানই এগুলো সরবরাহ করেছে। ইরানের সামরিক বাহিনী এই ড্রোন চালনা ও ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি জড়িত। যা ঘর, জাদুঘর, বিশ্ববিদ্যালয়, অফিস, খেলার মাঠ ধ্বংসের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ইউক্রেনিয়ানদের হত্যা করছে।’
পালকিন ইরানকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করে সেই জায়গায় ইউক্রেনকে সুযোগ করে দেওয়ার আহ্বান জানান। গত জুনে কার্ডিফে বিশ্বকাপ প্লে-অফ ম্যাচে ওয়েলসের কাছে ১-০ গোলের হারে কাতারে যাওয়ার টিকিট পায়নি ইউক্রেন। পালকিনের দাবি ইউক্রেনিয়ানদের ওপর সন্ত্রাসী হামলার জন্য তাৎক্ষণিকভাবে বিশ্বকাপ থেকে ইরান জাতীয় ফুটবল দলকে নিষিদ্ধ করে ইউক্রেনকে খেলতে দিলে ‘তা ঐতিহাসিক ও খেলাধুলার দৃষ্টিকোণ থেকে সুবিচার’ হবে।