দুই লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেল টেকনাফের স্কুলছাত্র

অপহরণের দুই দিন পর দুই লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছে লেদা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র নুর হোসেন (১৪)।

আজ বুধবার দুপুর দেড়টার দিকে কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউপির রঙ্গীখালী পাহাড়ি এলাকার ডাকাতের কবল থেকে ফিরে আসেন তিনি।

অপহৃত স্কুলছাত্র নুর হোসন হ্নীলা ইউপির রঙ্গীখালী এলাকার ফরিদ আলমের ছেলে । 

নুর হোসেনের ভাই ছৈয়দ হোসেন বলেন, হাতির আক্রমণ থেকে ধানক্ষেত রক্ষা করতে ২৩ অক্টোবর রাতে পাহাড়ের পাদদেশে ধানক্ষেত পাহারা দিতে যায় দুই ভাই।

রাত ১টার দিকে একদল সশস্ত্র ডাকাত নুর হোসেন ও তাকে বেঁধে ফেলে। পরে ছোট ভাইকে রেখে ছৈয়দ হোসেনকে মুক্তিপণের জন্য পাঠায়।

১৫ লাখ টাকা দিলে ভাইকে ছেড়ে দেবে বলে জানান ডাকাত দল। বাড়িতে এসে ছোট ভাইয়ের অপহরণের বিষয়টি থানা-পুলিশকে অবগত করেন এবং লিখিত অভিযোগ দেন বলে জানান ভিকটিমের পরিবার। পরে বাধ্য হয়ে আজ ২ লাখ টাকা মুক্তিপণ দিয়ে নুর হোসেনকে ফেরত আনা হয়েছে।

টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান বলেন, অপহরণের সত্যতা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। এটা নিজেদের মধ্যে ঝামেলা নিয়ে নাটক হতে পারে। খেতে পারে না আবার দুই লাখ টাকা জোগাড় করে কীভাবে? তারপরও বিষয়টি খোঁজ নেয়া হচ্ছে। 

উল্লেখ্য, এর আগেও ১২ জন ডাকাতদের কবলে পড়ে কেউ মুক্তিপণ দিয়ে ফিরছে আবার কেউ গুলিবিদ্ধ হয়েছে।