ইউরোপ সেরার মঞ্চ থেকে ইউরোপা লিগে অবনমন বার্সার

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। বুধবার রাতে বায়ার্ন মিউনিখের কাছে হেরেছে ৩-০ ব্যবধানে। বায়ার্নের হয়ে গোল করেন সাদিও মানে, এরিক ম্যাক্সিম চোপে-মটিং, বেঞ্জামিন পাভার্ড।

কাতালান ক্লাবটির অবশ্য বিষাদের শেষ এখানেই নয়। বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলতে নামার আগেই ইউরোপ সেরার মঞ্চ থেকে ইউরোপা লিগে অবনমন নিশ্চিত হয়েছে বার্সার। ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে প্রত্যাশিত জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় উঠেছে ইন্টার মিলান।

ঘরের মাঠে বুধবার রাতে ৪-০ গোলে জিতেছে ইন্টার। পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপ থেকে শেষ ষোলোয় উঠেছে তারা। টানা পাঁচ হারে গ্রুপের তলানিতে থেকে বিদায় নিয়েছে ভিক্টোরিয়াও। এদিকে আয়াক্সের মাঠে ৩-০ গোলে জিতে শেষ ষোলোতে পা রেখেছে লিভারপুল। লিভারপুলের হয়ে গোল করেন মোহামেদ সালাহ, ডারউইন নুনেজ এবং হার্ভে এলিয়ট।

‘এ’ গ্রুপের অপর ম্যাচে রেঞ্জার্সের সঙ্গে ৩-০ গোলে জিতে গ্রুপপর্বে শীর্ষেই আছে ইতালিয়ান ক্লাব ন্যাপোলি। তাদেরও শেষ ষোলো নিশ্চিত।‘বি’ গ্রুপে বেয়ার লেভারকুসেনের সঙ্গে ২-২ গোলে ড্র করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তারা টেবিলের তিনে আছে। এই গ্রুপে পোর্তোর কাছে ৪-০ গোলে হেরেও পরের রাউন্ডে গেছে ১০ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে থাকা ক্লাব ব্রুজে। নকআউটে যাওয়া পোর্তোর পয়েন্ট ৯।

‘ডি’ গ্রুপের ম্যাচে টটেনহাম হটস্পার ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে। এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট নিজেদের মাঠে ২-১ গোলে জিতেছে মার্শেইয়ের বিপক্ষে। এই গ্রুপে এখনও শেষ ষোলো নিশ্চিত হয়নি কোনো দলের।