দুই বাংলার নাটকের মিলন মেলা চলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত, নৃত্য ও আবৃত্তি মিলনায়তনে। গঙ্গা-যমুনা নামের এই নাট্যোৎসবে আগামীকাল ২৮ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে জনপ্রিয় মনিপুরী নৃত্যশিল্পী সামিনা হোসেন প্রেমার নাচের দল ‘ভাবনা’ প্রযোজিত রবীন্দ্রনাথের ভানুসিংহের পদাবলীর অংশবিশেষ (৩৫ মিনিট)। প্রয়াত বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের অতুলনীয় কণ্ঠ ও সুরতীর্থের দলীয় পরিবেশনা এই নৃত্যনাট্যকে প্রাণ দিয়েছে। খুব স্বল্প পরিমাণ দর্শনীর বিনিময়ে এই উৎসব আয়োজিত হয়েছে।
ভানুসিংহ হলো রবীন্দ্রনাথের ছন্মনাম। ১৮৭৭ থেকে ১৮৮৪ সাল পর্যন্ত বয়স যখন তার ১৬ থেকে ২৩, ভানুসিংহ নামে রবীন্দ্রনাথ এই ৮ বছরে লিখেছিলেন ‘ভানুসিংহের পদাবলী’। প্রাচীন পদাবলীতে রাধা-কৃষ্ণর প্রেমলীলাকে নাটকের আঙ্গিকে সাজানো হয়েছিল। ভাগ করা হয়েছিল পূর্বরাগ, মিলন, অভিসার, মান-অভিমান, বিরহ- এরকম আরও অনেক পালায়। তবে রবীন্দ্রনাথের পদাবলীতে এরকম আনুষ্ঠানিক ভাগ নেই। আছে প্রাচীন কবিদের অনুসরনে মৈথিলি ভাষায় লেখা কিছু কবিতা আর গান। শান্তিনিকেতনের গুরু শৈলজা রঞ্জন মজুমদার ‘ভানুসিংহের পদাবলী’কে গীতি নৃত্যনাট্যের আদল দেন।
প্রেমা বলেন, ‘ভাবনা প্রযোজিত আমাদের নৃত্যনাট্যটি সেই সব কবিতা ও গানের আরও পুনঃবিন্যস্ত নাট্যরূপ। সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে দেশিয় সংস্কৃতি বিকাশে ভাবনার মূল লক্ষ্য। উচ্চাঙ্গ নৃত্যের নিজস্বতা ধরে রেখে এবং সেগুলোর সুষ্ঠ প্রযোগের মাধ্যমে এই নৃত্যনাট্য কোরিওগ্রাফি করা হয়েছে। এই কাজটির পেছনে লুবনা মরিয়ম আর জিনাত আফরোজার অনেক অবদান রয়েছে। আমি তাদের প্রতি বরাবরই কৃতজ্ঞ।’
নৃত্যনাট্যটিতে রাধার চরিত্র রয়েছেন সামিনা হোসেন প্রেমা আর কৃষ্ণ চরিত্রে মেহেরাজ হক তূষার। এছাড়াও অংশ নিয়েছেন শামীম আশ্রাফ, মাহতাবুল ইসলাম মেহেদি, সাহিদুর রহমান, হাসিবুর রহমান, তাসমিনা বিনতে রফিক, নিপর্ণা দে, কোনাল আলী চৈতি, ইরন অদিতি, লাবিবাহ হোসেন পূর্ণতা ও তাসফিয়া অংকন। নৃত্যনাট্যটিরে সংগীত পরিচালনা করেছেন সুমন সরকার (কলকাতা)। মঞ্চ পরিকল্পনা করেছেন প্রখ্যাত নৃত্যশিল্পী ও সংগঠক লুবনা মরিয়ম।
প্রচ্ছদ ছবি : জয়ন্ত সাহা জয়