শ্রীলঙ্কার সঙ্গে এশিয়ান ক্লিয়ারিং ইউনিটের (আকু) পেমেন্টসংক্রান্ত কোনো ধরনের লেনদেন না করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ অক্টোবর থেকে অর্থনৈতিক সংকটের কারণে সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কা (সিবিএসএল) এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) পেমেন্ট বন্ধ রেখেছে।
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) পেমেন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কা (সিবিএসএল)। এজন্য বাংলাদেশের অথরাইজড ডিলার্স শাখাগুলোকে শ্রীলঙ্কার সঙ্গে কোনো ধরনের লেনদেন না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাই বাংলাদেশে কার্যরত সকল (অথরাইজড ডিলার) এডি শাখাকে শ্রীলঙ্কার সঙ্গে কোনো ধরনের লেনদেন না করার নির্দেশ দেওয়া হলো।
এর আগে শ্রীলঙ্কা তিন মাসের মধ্যে ফেরত দেওয়া শর্তে গত বছর মে মাসে বাংলাদেশের কাছ থেকে ২০০ মিলিয়ন ডলার ঋণ নিয়েছিল। কিন্তু দেশটিতে অর্থনৈতিক সংকট দেখা দিলে চলতি বছর মে মাসে ঋণ পরিশোধে আরও এক বছর সময় বাড়িয়ে দেয় বাংলাদেশ ব্যাংক।