মাকে ভরণপোষণ না দেওয়া সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

ঝিনাইদহে মাকের ভরণপোষণ না দেওয়ায় সরকারি কর্মকর্তা ছেলে ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে শহরের ব্যাপারীপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার আদালত তাদের জামিন দিয়েছে।

গ্রেপ্তার সাইফুল্লাহ ঝিনাইদহ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত। তার স্ত্রীর নাম রুমা খাতুন। সাইফুল্লাহ তার মাকে দীর্ঘদিন ভরণপোষণ দেন না; কিছু বললে মারধর ও নির্যাতনের হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ মা জহুরা খাতুনের।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, সাইফুল্লাহ তার মা জহুরা খাতুনের ভরণপোষণ দেয় না দীর্ঘদিন। কিছু বললে মারধর ও নির্যাতনের হুমকি দিয়ে আসছিল। এ ঘটনায় মা জহুরা খাতুন গত ১৮ অক্টোবর ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের বিষয়টি আদালতে পাঠালে আদালত মামলা নেওয়ার নির্দেশ দেয়। আদালতের নির্দেশে বুধবার থানায় মামলা হলে রাতে অভিযুক্ত ছেলে সাইফুল্লাহ ও তার স্ত্রী রুমাকে গ্রেপ্তার করে।

পুলিশের আদালত পরিদর্শক রবিউল ইসলাম খান জানান, বৃহস্পতিবার সাইফুল্লাহ ও রুমাকে আদালতে পাঠানো হলে তারা জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন দিয়েছে।