নেত্রকোনায় কৃষিফার্ম থেকে হোটেল কর্মচারীর লাশ উদ্ধার

নেত্রকোনা পৌরশহরে কৃষি ফার্ম থেকে আমিরুল ইসলাম (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২৮ অক্টোবর) সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শহরের কুড়পাড় এলাকার রইছ উদ্দিনের ছেলে সোহাগ মিয়া (২৬) নামে একজনকে আটক করা হয়েছে।

নিহত আমিরুল ইসলাম শহরের কুড়পাড় এলাকায় মৃত তোতা মিয়ার ছেলে। তিনি একই এলাকায় তার মামা উজ্জ্বল মিয়ার বাসায় থাকতেন এবং শহরের পুলিশ সুপার কার্যালয়ের সামনে খান হোটেলে কর্মচারী ছিলেন।

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে কৃষি ফার্মে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা জানায়। পরে পুলিশ ও পিবিআইয়ের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। 

তিনি জানান, ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে কোনো এক সময় চুরির টাকা ভাগাভাগি নিয়ে তাকে হত্যা করা হয়েছে। শহরের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা হচ্ছে।