ফিলিপসের শতকে লংকানদের লড়াকু লক্ষ্য দিলো কিউইরা

শুরুতেই হোচট খেয়েছিল নিউজিল্যান্ড। মাত্র ১৫ রানে হারিয়েছিল তিন উইকেট। তখনই যেন ত্রাতা হয়ে আসেন গ্লেন ফিলিপস। তার শতকে ভর করে নিউজিল্যান্ড পেয়েছে লড়াকু সংগ্রহ। শেষ ওভার পর্যন্ত টিকে থেকে লংকানদের ১৬৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে কিউইরা।  

টস জিতে আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড শুরুর ওভারেই হারায় ফিন অ্যালেনের উইকেট। তখনও তারা রানের খাতায় মাত্র ১ রান যোগ করতে পেরেছিল। তারপর চার ওভারের ওভারে মধ্যেই হারায় আরও দুই ব্যাটারকে। মাত্র ১৫ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়া নিউজিল্যান্ড। 

ঠিক তখনই যেন দলটির জন্য ত্রাতা হয়ে এলেন গ্লেন ফিলিপস। খেললেন বিধ্বংসী এক ইনিংস। টিকে থাকলেন শেষ ওভার পর্যন্ত। আউট হওয়ার আগে ৬৪ বল খরচায় ১০ চার ও ৪ ছক্কায় খেলেন ১০৪ রানের একটি ইনিংস। এতে ভর করে ১৬৭ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড। 

দলটির হয়ে ডেরিল মিশেল ২২ রান করেন। লংকানদের হয়ে কাসুন রাজিথা দুটি, মহেশ থিকশানা, ডি সিলভা, হাসারাঙ্গা, কুমারা শিকার করেন একটি করে উইকেট।