ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

‘ভোট বাণিজ্যে’ লিপ্ত জনপ্রতিনিধিদের শাস্তি দাবি

জেলা পরিষদ নির্বাচনে ন্যক্কারজনক ‘ভোট বাণিজ্যে’ লিপ্ত হওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার ভোটার তথা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রাঙ্গণে জেলার ‘সচেতন নাগরিক সমাজ’ নামে একটি সংগঠন এ মানববন্ধন করে। মানববন্ধনে সচেতন নাগরিক সমাজের প্রধান সমন্বয়ক নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সুজনের সদর উপজেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সহসভাপতি শামসুল আলম, আলী আহমদ ও মো. মালেক মিয়া।

বক্তারা অভিযোগ করেন, ১৭ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনের ১ হাজার ৩৮২ জন ভোটার, অর্থাৎ ৫টি পৌরসভার মেয়র-কাউন্সিলর, ৯টি উপজেলা পরিষদের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান এবং ১০০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা তাদের ভোট নিলামে তুলে চরম নৈতিক অধঃপতনের পরিচয় দিয়েছেন। নির্বাচনকালীন তাদের অনৈতিক কর্মকা-ের বাস্তব অবস্থা অবলোকন এবং গণমাধ্যমে প্রকাশিত এ-সংক্রান্ত খবরে আমরা উদ্বিগ্ন। তারা ভোটের পবিত্রতা ভূলুণ্ঠিত করেছেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।