সোহেল রানাকে নেওয়া হচ্ছে সিঙ্গাপুর

চলতি বছরের জানুয়ারিতে গুরুতর অসুস্থ হয়ে টানা ১৫ দিন হাসপাতালে ছিলেন সোহেল রানা। তখন করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। সুস্থ হয়ে বাসায় ফিরে গত আট মাস ভালোই ছিলেন এই নায়ক-প্রযোজক। চলতি সপ্তাহে নতুন জটিলতা দেখা দেয় চোখে। ২৫ অক্টোবর ঢাকার একটি হাসপাতালে হয় ছানি অস্ত্রোপচার। এরপর চোখে গুরুতর সমস্যা দেখা দেওয়ায় জরুরি ভিত্তিতে সোহেল রানাকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মাশরুর পারভেজ। তিনি বলেন, ‘ঢাকায় যে অপারেশনটা হলো, সেটা সাকসেসফুল ছিল না। বরং আরও জটিলতা দেখা দিয়েছে। এ জন্য আমরা দ্রুত মাউন্ট এলিজাবেথে যোগাযোগ করি। রবিবার আমরা যাচ্ছি। বাবার সঙ্গে আমি ও মা (জিনাত বেগম) থাকছি।’ মাশরুর জানান, এটাকে বলা হয় ক্যাটারাক্ট সার্জারি। এর আগেও সোহেল রানার ডান চোখে একই সার্জারি হয় মাউন্ট এলিজাবেথে। তারই ধারাবাহিকতায় এবার সেটি ঢাকায় করানো হয়েছে।