বিএনপির গনসমাবেশ: বরিশালে এবার তিন চাকার যানের ধর্মঘট

আগামী ৫ নভেম্বর বরিশাল গনসমাবেশ করবে বিএনপি। এ উপলক্ষে সব প্রস্তুতিও সম্পন্ন করেছে বরিশাল মহানগর বিএনপির নেতাকর্মীরা। ইতিমধ্যে সমাবেশ করতে বরিশাল নগরের বেলস পার্ক চেয়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের কাছে অনুমতি চেয়ে পৃথক আবেদন করেছে মহানগর বিএনপি।

রোববার পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এ-সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। স্থান নির্ধারণ হলেই শুরু হবে প্যান্ডেলসহ আনুসঙ্গিক সব কাজ।

বিএনপির সমাবেশের আগে-পরে দুদিন বাস ধর্মঘট ডাকা হয। এবার তিন চাকার যানের ধর্মঘটও ডাকা হলো। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির নেতাকর্মীরা। মহাসড়কে তিনচাকার অবৈধ যান ও ভাড়ায়চালিত মোটরসাইকেল বন্ধের দাবিতে আগামী ৪ ও ৫ নভেম্বর পর্যন্ত বরিশালের আভ্যন্তরীণ ও দূরপাল্লার  বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাস মালিকদের সংগঠন বরিশাল জেলা বাস মালিক গ্রুপ।

এর মাত্র চার দিনের মাথায় বাসমালিক-শ্রমিকদের হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে আগামী ৪ ও ৫ নভেম্বর সব ধরনের তিন চাকার যানের ধর্মঘট ডেকেছে বরিশাল জেলা মিশুক, বেবিট্যাক্সি, টেক্সিকার ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন।

রোববার সন্ধ্যায় সংগঠনের সভাপতি কামাল হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক মো. মোশফিকুর রহমান স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়।

বিএনপি নেতাকর্মীদের দাবি, বিভাগীয় গণসমাবেশ বানচাল করতেই চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, খুলনা ও রংপুরের মতো সরকারি দলের ইন্ধনে এই অপকৌশল নেয়া হয়েছে।

তিন চাকার যান বন্ধের ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বরিশাল বাসমালিক-শ্রমিকদের হাতে তিন চাকার যানের চালকদের হয়রানি বন্ধ, মেট্রোপলিটন এলাকায় তিন চাকার যানের নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা, মেট্রোপলিটন এলাকার সর্বত্র তিন চাকার যান চলাচলের অনুমতি, তেলের মূল্যবৃদ্ধির পর তিন চাকার যানের ভাড়ার চার্ট প্রদান ও সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স প্রদানের দাবিতে ৪ ও ৫ নভেম্বর ডিজেল, সিএনজি, ব্যাটারিচালিত সব ধরনের তিন চাকার যান চলাচল বন্ধ থাকবে।

জানতে চাইলে বরিশাল জেলা মিশুক, বেবিট্যাক্সি, টেক্সিকার ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন মোল্লা বলেন, যেহেতু বাস মালিকেরা আমাদের যানবাহন বন্ধের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে, সেই কারণে আমরা তার প্রতিবাদে ধর্মঘট ডেকেছি। বিএনপির সমাবেশের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

এ বিষয়ে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বলেন, বাস চলাচল বন্ধের পর এখন তিন চাকার যানও বন্ধ করা হলো। এরপর একে একে ভাড়ায় চালিত মোটরসাইকেল, মাইক্রোবাস, ট্রাক, লঞ্চ, রিকশা, খেয়া নৌকাও বন্ধ করবে। এটা ধরে নিয়েই আমরা মাঠে নেমেছি। এটা করা হবে, সেটাও আমরা নিশ্চিত ছিলাম। কারণ, চট্টগ্রাম, ময়মনসিংহ খুলনা ও সর্বশেষ রংপুরে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়ে সরকার গণসমাবেশ বানচাল করতে চেয়েছিল। এমনকি লঞ্চ, ট্রেন, ভাড়ায় চালিত মাইক্রোবাস, মোটরসাইকেল, রিকশা, ব্যাটারিচালিত যান ও খেয়া পর্যন্ত বন্ধ করার মতো বিরল নজির এই অবৈধ সরকার স্থাপন করেছে। কিন্তু জনগণকে ঠেকানো যায়নি। বাঁধভাঙা জোয়ারের মতো মানুষ পায়ে হেঁটে কিংবা যে যেভাবে পেরেছে, সমাবেশে হাজির হয়েছে। ৫ নভেম্বর বরিশাল জনসমুদ্রে পরিণত হবে।