চ্যাম্পিয়নস লিগে নকআউট পর্ব নিশ্চিত করা লিভারপুলের প্রিমিয়ার লিগে সময়টা খারাপ যাচ্ছে। লিগে তাদের অবস্থান ক্রমশই নড়বড়ে হচ্ছে। এবার দলটি নিজেদের মাঠে হেরেছে লিডস ইউনাইটেডের বিপক্ষে। অ্যানফিল্ডে শনিবার রাতে লিডস ২-১ গোলে হারায় অলরেডদের। লিগে টানা দুই ম্যাচে হারল লিভারপুল। এবার লিগে এই নিয়ে তাদের হার চার ম্যাচে। তবে ঘরোয়া লিগে ২৯ ম্যাচ পর নিজেদের মাঠে হারের তেতো স্বাদ পেতে হলো লিভারপুলকে।
এদিকে গতকালকের ম্যাচে জয় দিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে আর্সেনাল। নটিংহ্যাম ফরেস্টকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা। গানার্সদের জন্য ম্যাচটি ছিল নিয়মরক্ষার লড়াই। তাতে সফল হয়ে ৩১ পয়েন্টে ম্যানচেস্টার সিটিকে টপকে শীর্ষে উঠেছে আর্সেনাল। ২ ম্যাচ পর জয়েও ফিরেছে তারা। এই মৌসুমে উড়তে থাকা ইংলিশ জায়ান্টদের জন্য নটিংহ্যামকে হারানো কঠিন ছিল না। নিজেদের মাঠ এমিরেটসে সব টুর্নামেন্ট মিলিয়ে গত ১০ ম্যাচে জিতেছে তারা।