গোপালগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। ঝালকাঠির রাজাপুরে ঝড়ে পড়ে যাওয়া গাছ কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন নারীসহ অন্তত ১১ জন। নড়াইলে বরযাত্রার গাড়ি ভাড়া করার বিরোধে সংঘর্ষে তিন নারীসহ অন্তত ১৫ আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর :
গোপালগঞ্জ : সদর উপজেলার জালালাবাদ ইউপির ইউনাইটেড একাডেমি উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। এসময় ১০-১২টি বাড়ি ভাঙচুরও করা হয়। আহতদের ভর্তি করা হয়েছে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে। দুই পক্ষে উত্তেজনা বিরাজ করায় এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। আগামী ৩ নভেম্বর ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ভোট।
স্থানীয়দের ভাষ্যমতে, গত শনিবার এক প্রার্থীর পক্ষ ইছাখালী এলাকায় ভোট চাইতে গেলে তাদের সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। পরে প্রতিপক্ষের লোকজন রাতের বেলায় খালিয়া গ্রামে ভোট চাইতে গেলে তাদের বাধা দেওয়া হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলে রাতভর। পরে গতকাল রবিবার ভোরের দিকে বর্তমান চেয়ারম্যানের লোকজন খালিয়া গ্রামে অতর্কিত হামলা চালিয়ে ১০-১২টি বাড়ি ও দোকান ভাঙচুর করে। এতে আহত হন অন্তত ১০ জন।
ঝালকাঠি : রাজাপুরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে উপড়ে পড়া গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নারীসহ উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছে। গতকাল রবিবার সকাল ৯টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের গড়ইয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত ফজলুল হক রাড়ি ও কালাম হাওলাদার পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায়।
নড়াইল : বিয়ে করতে যাওয়ার সময় গাড়ি ভাড়া করাকে কেন্দ্র করে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে দুপক্ষের সংঘর্ষে তিন নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। গতকাল রবিবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।