বাটা সু’র ২৬০% অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

মুনাফায় ফেরা জুতা উৎপাদনকারী বহুজাতিক প্রতিষ্ঠান বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক পর্যন্ত আয়ের হিসাব পর্যালোচনা শেষে শেয়ারহোল্ডারদের ২৬০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ। গত বৃহস্পতিবার বাটা সু’র পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

যদিও তৃতীয় প্রান্তিকে বাটা সু লোকসান করেছে। কিন্তু প্রথম দুই প্রান্তিকে কোম্পানির বড় অঙ্কের মুনাফার কারণে প্রথম ৯ মাস শেষে ২৭ কোটি ৫০ লাখ টাকার নিট মুনাফা রয়েছে। মূলত এই মুনাফার ওপর ভিত্তি করেই অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আগের বছরের একই সময়ে বাটা সু’র নিট লোকসান ছিল ১৪ কোটি ৭৬ লাখ টাকা।  

গতকালের পর্ষদ সভায় অন্য পরিচালকদের মধ্যে ভাইস চেয়ারম্যান ও এমডি অনির্বাণ অসিত কুমার ঘোষ, পরিচালক শৈবাল সিনহা, স্বতন্ত্র পরিচালক কে এম রেজাউল হাসানাত, অর্থ পরিচালক শম্ভুনাথ ঝা এবং কোম্পানি সচিব হাসিম রেজা বৈঠকে উপস্থিত ছিলেন।

২০২২ হিসাব বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) পণ্য বিক্রি থেকে বাটা সু’র আয় হয়েছে ৭৪৪ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৩৭ শতাংশ বেশি। চলতি তৃতীয় প্রান্তিকেও (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানির পণ্য বিক্রি থেকে আয় বেড়েছে ৫২ শতাংশ। তবে পরিচালন ও সুদ বাবদ ব্যয় বেশি হওয়ায় কোম্পানিটিকে লোকসানে পড়তে হয়েছে। এ সময় নিট লোকসান হয়েছে ৫ কোটি ৮৯ লাখ টাকা। অবশ্য আগের বছরের একই সময়ে নিট লোকসানের পরিমাণ আরও বেশি ছিল, ১১ কোটি ৪৩ লাখ টাকা।