প্রতিটি বাহিনীকে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিটি বাহিনীকে তার সরকার সক্ষম করে গড়ে তুলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না। বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষায় আমাদের সক্ষমতা অর্জন করতে হবে, যাতে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সবসময় ধরে রাখতে পারি। সেদিকে লক্ষ রেখেই আমরা প্রতিটি প্রতিষ্ঠানকে (বাহিনীকে) উপযুক্ত করে তৈরি করছি।’

প্রধানমন্ত্রী গতকাল রবিবার সকালে বাংলাদেশ নৌবাহিনীর এভিয়েশন বহরে দুটি মেরিটাইম প্যাট্রল এয়ারক্রাফট এমপিএ-৮৩২২ ও এমপিএ-৮৩২৭ সংযোজন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি গণভবন থেকে চট্টগ্রামের পতেঙ্গা নেভাল এভিয়েশন হ্যাঙ্গারের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সুশৃঙ্খল সশস্ত্র বাহিনী দেশের সীমানা ছাড়িয়ে আজ আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিপুলভাবে প্রশংসিত পেশাদার একটি বাহিনী। ২০১০ সাল থেকে ভূমধ্যসাগরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে আমাদের যুদ্ধজাহাজ সার্বক্ষণিকভাবে অংশগ্রহণ করছে। এ ছাড়া দক্ষিণ সুদানেও বাংলাদেশ নৌবাহিনীর কন্টিনজেন্ট অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে। শান্তিরক্ষা মিশন ছাড়াও এ বাহিনী নিয়মিতভাবে বহু জাতীয় এক্সারসাইজ, বঙ্গোপসাগরে কোয়ার্ডিনেটেড প্যাট্রল ও কূটনৈতিক সফরের মাধ্যমে বাংলাদেশের মেরিটাইম সিকিউরিটিকে সুসংহত করে চলেছে। আমি এ কর্মমুখর নৌবাহিনীকে আন্তরিক শুভেচ্ছা জানাই।’

শেখ হাসিনা বলেন, ‘সশস্ত্র বাহিনীর উন্নয়নের পাশাপাশি আওয়ামী লীগ সরকার দেশের অথনৈতিক ও আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং দেশকে উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত করতে সক্ষম হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। কিন্তু করোনাভাইরাস এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের উন্নয়নের গতি কিছুটা শ্লথ হয়ে গেছে।’

তিনি বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী উন্নত দেশগুলোও এখন হিমশিম খাচ্ছে। সেই অবস্থার মধ্য দিয়ে আমাদের চলতে হচ্ছে। তবে আমরা আমাদের নিজেদের সম্পদ এবং মাটি ও মানুষ দিয়েই এ দেশকে সুরক্ষিত রাখব, যার যেখানে যতটুকু সুযোগ আছে আমাদের খাদ্য উৎপাদনে মনোযোগী হতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘সেই সঙ্গে আমি এটুকু বলব, আমরা যে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি সেখানে আন্তর্জাতিক মন্দার কিছুটা প্রভাব আমাদের ওপর পড়েছে। কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে এর থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি এবং সমুদ্রসম্পদ কীভাবে অর্থনৈতিক কাজে আমরা ব্যবহার করতে পারি। “ব্লু ইকোনমি”র মাধ্যমেই আমরা সেটা চালু করতে পারি এবং সেদিকেই আমাদের বিশেষ দৃষ্টি দিতে হবে।’

সরকারপ্রধান নৌবাহিনীর নতুন এ অভিযাত্রাতে আনন্দ প্রকাশ করেন। অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রীকে মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে রাষ্ট্রীয় সালাম জানানো হয়। নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন।

১৯৯৭ সালে সেন্টমার্টিন দ্বীপে ঘূর্ণিদুর্গতদের জন্য ব্যারাক হাউজ করে দেওয়ার মাধ্যমে তার সরকারের আশ্রয়ণ প্রকল্পের শুরু হয় উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘যেকোনো দুর্যোগপূর্ণ সময়ে আমাদের নৌবাহিনী মানুষের পাশে থাকে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের যেকোনো ঝড়-জলোচ্ছ্বাস মোকাবিলায় তারা পাশে থাকে।’ এ জন্য প্রধানমন্ত্রী নৌবাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, দেশে ব্লু ইকোনমি কার্যক্রম ত্বরান্বিত করা হয়েছে। এসব কার্যক্রমের নিরাপত্তা ও নজরদারিতে নৌবাহিনীর এমপিএগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘২০০৯ সালে পুনরায় সরকার গঠনের পর থেকে আমরা জাতির পিতার প্রণীত প্রতিরক্ষা নীতির আলোকে “ফোর্সেস গোল-২০৩০” প্রণয়ন করে এর বাস্তবায়ন শুরু করি। বর্তমান সরকারের দূরদর্শী পরিকল্পনা ও ঐকান্তিক প্রচেষ্টায় ইতিমধ্যেই বাংলাদেশ নৌবাহিনীতে উল্লেখযোগ্যসংখ্যক আধুনিক যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, মেরিটাইম প্যাট্রল এয়ারক্রাফট এবং সাবমেরিনসহ আধুনিক যুদ্ধসরঞ্জাম ও প্রযুক্তি সংযোজিত হয়েছে।’

গভীর সমুদ্রে নজরদারি, উদ্ধার অভিযান ও অন্যান্য অপারেশনাল কার্যক্রমে এমপিএর কার্যকারিতা অপরিসীম উল্লেখ করে সরকারপ্রধান বলেন, এরই ফলশ্রুতিতে ২০১৩ সালে পর্যায়ক্রমে দুটি অত্যাধুনিক ডর্নিয়ার ২২৮এনজি মেরিটাইম প্যাট্রল এয়ারক্রাফট নৌবাহিনীতে সংযোজিত হয়। সূচনালগ্ন থেকে বিশাল এ সমুদ্রসীমা নজরদারির কাজ বাংলাদেশ নেভাল এভিয়েশনের এমপিএ স্কোয়াড্রন সর্বোচ্চ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে আসছে। সমুদ্রসীমায় নজরদারি বৃদ্ধির গুরুত্ব অনুধাবন করে ২০১৭ সালে বর্তমান সরকার অতিরিক্ত দুটি এমপিএ কেনার কার্যক্রম গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় নৌবহরে আজ সংযোজিত হলো আরও দুটি অত্যাধুনিক ডর্নিয়ার ২২৮এনজি মেরিটাইম প্যাট্রল এয়ারক্রাফট।

তিনি আশা প্রকাশ করেন, এ দুটি নতুন এমপিএ সংযোজনের মাধ্যমে নেভাল এভিয়েশনের সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে এবং স্বল্প সময়ে দ্রুততার সঙ্গে সুবিশাল সমুদ্রসীমা টহল প্রদান করা আরও সহজতর হবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড ইতিমধ্যে প্যাট্রল ক্রাফট ও লার্জ প্যাট্রল ক্রাফট নির্মাণের সক্ষমতা অর্জন করেছে যা দেশের জাহাজ নির্মাণশিল্পের জন্য অত্যন্ত গৌরবের। এ ছাড়াও নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডে আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে নৌবাহিনী ‘নির্মাতা নৌবাহিনী’ হিসেবে প্রতিষ্ঠিত হবে বলেও আশা করেন তিনি।

স্বাধীনতা যুদ্ধের মাধ্যমেই আমাদের নৌবাহিনীর যাত্রা শুরু উল্লেখ করে প্রধানমন্ত্রী তার ভাষণে নৌবাহিনীর সাহসী সদস্যদের মাধ্যমে মুক্তিযুদ্ধকালীন পরিচালিত ‘অপারেশন জ্যাকপট’-এর কথাও শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি একে আমাদের নৌযুদ্ধের ইতিহাসের ‘এক অনন্য বীরত্বগাথা’ বলেও উল্লেখ করেন। পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে জাতির পিতার উদ্যোগের পাশাপাশি নৌবাহিনী পুনর্গঠন এবং বাংলাদেশের সমুদ্রসীমা চিহ্নিতকরণে তার প্রশংসনীয় পদক্ষেপগুলোর উল্লেখ করেন।

জাতির পিতা যুগোশ্লাভিয়া ও ভারত থেকে পাঁচটি আধুনিক রণতরী সংগ্রহ করেন এবং ১৯৭৪ সালের ১০ ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনীকে ‘নেভাল এনসাইন’ দেন। একই সঙ্গে তিনি নৌবাহিনীর বৃহত্তম প্রশিক্ষণ ঘাঁটি বানৌজা ঈশা খাঁসহ তিনটি ঘাঁটি এবং তিনটি জাহাজ কমিশনিং করেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই ঘোষণা করেছিলেন, ‘ভূ-রাজনৈতিক প্রয়োজনে একটি শক্তিশালী নৌবাহিনী গঠন করা হবে।’ তারই ধারাবাহিকতায় আমরা ১৯৯৬ সালে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকেই নৌবাহিনীকে আধুনিক, দক্ষ ও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, নৌবহরে যুদ্ধজাহাজ সংগ্রহ এবং বিদ্যমান জাহাজগুলোর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, অপারেশনাল এভিয়েশন উইং গঠনসহ বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করি।

তিনি বলেন, সাবমেরিন ও অন্যান্য যুদ্ধজাহাকে পোতাশ্রয়ে নিরাপদ জেটি সুবিধা প্রদানে কক্সবাজারের পেকুয়াতে আধুনিক বেসিন সুবিধাসংবলিত স্থায়ী সাবমেরিন ঘাঁটি ‘বানৌজা শেখ হাসিনা’ নির্মাণের কাজ চলমান রয়েছে। এ ছাড়াও এভিয়েশন সক্ষমতাসহ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উপকূলবর্তী এলাকায় নৌবাহিনীর জাহাজগুলোর অপারেশনাল ও প্রশিক্ষণ সুবিধাসহ ‘বানৌজা শের-ই-বাংলা ঘাঁটি’র নির্মাণকাজও অনেকদূর এগিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বাসস