আইরিশদের কাছে বৃষ্টি আইনে পরাজিত হয়েছিল ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে আবার সেই বৃষ্টি মাঠে বলই গড়াতে দেয়নি।সেমিফাইনালে খেলতে হলে তাই নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না। সেই বাধা পেরিয়েছেন জস বাটলাররা। ২০ রানের জয়ে বাঁচিয়ে রাখলেন সেমি-ফাইনালের আশা।
ব্রিসবেনে টস জিতে ইংলিশ অধিনায়ক জশ বাটলার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। সেটার যথার্থতটা নিজেই প্রমাণ করেছেন ৪৭ বলে ৭৩ রানের অনবদ্য এক ইনিংস খেলে। হয়েছেন ম্যাচসেরাও। এছাড়া তার সঙ্গে ওপেন করতে নামা অ্যালেক্স হেলস ৪০ বলে করেন ৫২ রান। তাতে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রানের পুঁজি পায় ব্রিটেন।
সেই লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই হোচট খায় নিউজিল্যান্ড। মাত্র ২৮ রানেই তারা হারায় দুই ওপেনারকে। তবে তৃতীয় উইকেট জুটিতে গ্লেন ফিলিপস ও কেইন উইলিয়ামসন ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু ৪০ বলে ৪০ রান করে অধিনায়ক উইলিয়ামসন বিদায় নিলে ভাঙে ৯২ রানের জুটি। তাতে শুরু হয় ধ্বসও ব্যাটাররা সামিল হন যাওয়া আসার মিছিলে।
তবে অন্য প্রান্তে ফিলিপস টিকে থাকায় আশার সলতেটা জ্বলেছিল। কিন্তু আঠারোতম ওভারের তৃতীয় বলে তিনিও ৩৬ বলে তিন ছক্কা চারটি চার মেরে ৬২ রানে ইনিংস খেলে বিদায় নিলে সেটাও নিভে যায়। শেষ পর্যন্ত ২০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা।
এই জয়ে পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে এলো ইংল্যান্ড। সমান পয়েন্ট নিয়েও রানরেটে পিছিয়ে থাকায় অস্ট্রেলিয়া নেমে গেল তিন নম্বরে। এ ম্যাচ হারলেও সমান পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে তালিকার শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড।