ভাঙ্গা থেকে জাজিরায় চলল ট্র্যাক কার

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ফরিদপুরের ভাঙ্গা থেকে পদ্মা সেতুর জাজিরা প্রান্ত পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার নতুন রেলপথে পরীক্ষামূলক ‘ট্র্যাক কার’ চলাচল শুরু হয়েছে। এই পুরো পথে আধুনিক রেললাইন বসে যাওয়ায় প্রথমবারের মতো পরীক্ষামূলক ট্রেন চালিয়ে পর্যবেক্ষণ করা হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গা রেলস্টেশনসংলগ্ন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প এলাকা থেকে দেশি-বিদেশি প্রকৌশলী ও প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ট্র্যাক কারটি ছেড়ে যায়।

‘গ্যাংকার’ নামে পরিচিত এই ট্রেনটি বিশেষ আকৃতিতে নির্মিত একটি রেল ইঞ্জিন। ৪ কিলোমিটার পাথরবিহীন এবং ২৮ কিলোমিটার পাথরসহ ৩২ কিলোমিটার রেললাইন পাড়ি দিয়ে দুপুর ১টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে পৌঁছায় ট্র্যাক কারটি। মাঝপথে কয়েকটি স্থানে নেওয়া হয় বিরতি।

পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরুর সময় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল জাহিদ হাসান, প্রকল্প পরিচালক আফজাল হোসেন, প্রকল্প ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল সাইদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্র্যাক কার চালানোর বিষয়ে জানতে চাইলে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাওয়া-ভাঙ্গা (সেকশন-১) অংশের স্টেশন ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল তৌহিদ দেশ রূপান্তরকে বলেন, ‘৩২ কিলোমিটার পথে আধুনিক রেললাইন বসে যাওয়ায় প্রথমবারের মতো রেল চালানো হয়েছে। কয়েক দিন আগে এ পথের কাজ শেষ হয়েছিল। আজ (গতকাল) চীনের তৈরি একটি গ্যাংকার পরীক্ষামূলক চালানো হয়। পরীক্ষামূলক হওয়ায় কিছুটা ধীরগতিতে পুরো পথে রেলটি চালানো হয়েছে, কয়েকটি স্থানে বিরতি নিয়ে পর্যবেক্ষণ করা হয়। আজকের পরীক্ষামূলক কার্যক্রম সফল হয়েছে।’

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প তিন অংশে ভাগ করে বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের সর্বশেষ অগ্রগতির তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত প্রকল্পের মোট অগ্রগতি ছিল ৬৮ দশমিক ৬৯ শতাংশ। এর মধ্যে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত অংশের কাজ শেষ হয়েছে ৭০ শতাংশ। মাওয়া-ভাঙ্গা অংশের কাজ হয়েছে ৮৫ দশমিক ৬৫ শতাংশ। আর ভাঙ্গা-যশোর অংশের কাজ হয়েছে ৫৭ দশমিক ৩১ শতাংশ।

চলতি বছর ২৫ জুন যানবাহন চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হয়। পদ্মা সেতু যেদিন চালু হবে, একই দিনে মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চালানোর কথা ছিল বাংলাদেশ রেলওয়ের। যদিও তখন সেতুতে রেললাইন বসানোর অনুমতি পায়নি রেলওয়ে। গত ২০ আগস্ট পদ্মা সেতুতে রেল ট্র্যাক বসানোর কাজ শুরু হয়। এ কাজ শেষ করতে ছয় মাস সময় লাগবে।

পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেলপথ নির্মাণ করছে রেলওয়ে। মূল লাইনের সঙ্গে ৪৬ কিলোমিটার লুপ লাইনও নির্মাণ করা হচ্ছে। প্রকল্পে খরচ হচ্ছে ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা। এতে চীন অর্থায়ন করছে প্রায় ২১ হাজার কোটি টাকা। বাকি টাকার জোগান দেবে সরকার।

নতুন রেলপথ দিয়ে যাতায়াতে রাজধানী থেকে খুলনার দূরত্ব কমবে ২১২ কিলোমিটার। এ রেলপথ দিয়ে খুলনায় যেতে সময় লাগবে মাত্র সাড়ে তিন ঘণ্টা।