‘বিএনপি’র দশা হেফাজতের মতো হবে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্দেশ্যমূলক। বিরোধী দলের সংবিধানসম্মত এবং গণতান্ত্রিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করার হুমকি।’
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে বিরোধী দলের আইনসম্মত কর্মসূচি বানচাল করার চক্রান্ত মনে হয়েছে তার বক্তব্যকে।’ গতকাল মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল এ কথা বলেন।
গত সোমবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার বিষয়বস্তু জানাতে গিয়ে ফখরুল বলেন, ‘২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচিতে হামলা চালিয়ে নিপীড়নকারী, কর্তৃত্ববাদী, একনায়কতান্ত্রিক ও ফ্যাসিবাদী সরকার অসংখ্য আলেম ও মাদ্রাসার ছাত্রকে হত্যা করেছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। অনেককে এখনো কারাগারে আটকে রেখেছে। প্রধানমন্ত্রীর এ বক্তব্য তারই স্বীকারোক্তি। সরকার মানবাধিকার সংস্থাগুলোর কর্মকর্তাদের হয়রানি করেছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে এবং সংস্থাগুলোর নিবন্ধন বাতিল করেছে।’
তিনি বলেন, ‘বিএনপি হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা ও হত্যাকা-ের নিরপেক্ষ তদন্ত আগেও দাবি করেছে এবং পুনরায় দাবি করছে। সভায় সরকারকে জনগণের সংবিধানসম্মত কর্মসূচিতে অংশগ্রহণে বাধা না দিতে বলা হয়। অন্যথায় সব দায় সরকারকে নিতে হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘সামনের বছর দুর্ভিক্ষ হতে পারে প্রধানমন্ত্রীর এ বক্তব্য নিয়ে স্থায়ী কমিটির সভায় আলোচনা করেছি। সভা মনে করে, সরকার আপৎকালীন খাদ্য মজুদে ব্যর্থ হয়েছে। খাদ্যশস্যের আমদানি গত চার মাসে প্রায় ৩৭ শতাংশ কমায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। দুর্নীতি ও লুটপাটের কারণে সরকার ডলার সংকটে পড়েছে। এলসি খুলতে না পারায় আমদানি ব্যাহত হচ্ছে। ডলার সংকটের জন্য সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনা দায়ী।’
আওয়ামী লীগের শাসনামল পাকিস্তানের মতোই : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘জেল দিয়ে আন্দোলন রোধ করা যায় না, আওয়ামী লীগ তা ভালো জানে। তাদের দলের সর্বোচ্চ নেতাকেও (বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান) জেল দিয়ে পাকিস্তান সরকার আন্দোলন বন্ধ করতে পারেনি। দুর্ভাগ্য হচ্ছে, আওয়ামী লীগের শাসনামল পাকিস্তানের মতোই। আমরা পাকিস্তানের কথা বললে তাদের গায়ে জ¦ালা ধরে যায়।’
‘বিএনপিকে নিয়ে জনগণ বিপদে আছে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘কাকে নিয়ে বিপদে আছে, সেটা জনগণ বিবেচনা করবে।’
জোবাইদা রহমান একজন পেশাজীবী, তিনি রাজনীতিতে আসবেন এমন আশঙ্কা থেকেই সরকার তার বিরুদ্ধে মামলা দিয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘জোবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি আসবেন না, তা বলার সময় আসেনি। সরকারের আশঙ্কা জিয়া পরিবার ও বিএনপিকে নিয়ে। ওয়ান-ইলেভেনের সময় বলা হতো মাইনাস টুর কথা; কিন্তু বাস্তবে হয়েছে মাইনাস ওয়ান।’
মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন ঘনিয়ে এলেই সরকার মামলা দেয় অথবা পুরনো মামলা সক্রিয় করে। ২০১৮ সালের নির্বাচনের আগে বিএনপির ১৯ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছিল। প্রতিটি ক্ষেত্রে বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টার্গেট হচ্ছে বিএনপিকে নির্মূল করা। সরকার বিএনপিকে নির্মূল করতে চাইলে কী হবে, মানুষ বিএনপিকে চায়। তাই শত চেষ্টা করেও বিএনপিকে থামানো যাবে না; এটা জনগণের দল।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করবে ঢাকা মহানগর বিএনপি। একই স্থানে ৬ নভেম্বর সমাবেশ করবে যুবদল।