ঢাকায় আসছেন মার্কিন উপসহকারী মন্ত্রী আফরিন

যুক্তরাষ্ট্রের উপসহকারী মন্ত্রী আফরিন আক্তার আগামী শনিবার ঢাকা আসছেন। দক্ষিণ ও মধ্য এশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দেখভাল করার দায়িত্বে রয়েছেন তিনি। শুধু ঢাকাতেই নয়, তিনি এই অঞ্চলের আরও কয়েকটি দেশ সফর করবেন। এর মধ্যে ২৬ ঘণ্টা থাকবেন ঢাকায়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ সফরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন আফরিন আক্তার। এ ছাড়াও নাগরিক সমাজ এবং গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক মতবিনিময় করবেন তিনি।

এশিয়ান বংশোদ্ভূত মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রভাবশালী এ কর্মকর্তার সংক্ষিপ্ত সফরটি গুরুত্বপূর্ণ। গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের বাকস্বাধীনতা নিশ্চিতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের অব্যাহত তাগিদ রয়েছে। মানবাধিকার পরিস্থিতির অবনতির অভিযোগে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। যদিও এসব বিষয়ে দুই সরকারেরই আলাদা আলাদা ভাষ্য রয়েছে। এমন প্রেক্ষাপটে আফরিন আক্তারের বাংলাদেশ সফর ও আলোচনায় অবধারিতভাবে সম্পর্কের স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে কথা হবে।

আফরিন বাংলাদেশ ছাড়াও নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দেখভাল করেন। পাশাপাশি তিনি বাইডেন প্রশাসনের নিরাপত্তা ও আন্তঃদেশীয় সম্পর্ক দেখভাল করেন। মার্কিন সহকারী মন্ত্রী ডন লুর জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন তিনি। এসব দায়িত্বে আসার আগে আফরিন মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেনের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ছিলেন। হার্ভার্ড কেনেডি স্কুল অব গভর্নমেন্ট থেকে পাবলিক পলিসিতে স্নাতকোত্তর আফরিন একজন ফুলব্রাইট স্কলার এবং প্রেসিডেন্সিয়াল ম্যানেজমেন্ট ফেলো।