সাবেক বিচারপতি মানিকের ওপর হামলার অভিযোগ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টন দিয়ে নিজের গাড়িতে যাওয়ার পথে নাইটিঙ্গেল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপির একটি মিছিল থেকে হামলা চালিয়ে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে শামসুদ্দিন চৌধুরী মানিক জানিয়েছেন। হামলায় তার দেহরক্ষী রফিক আহত হয়েছেন। এ ছাড়া শামসুদ্দিন চৌধুরী মানিক  সামান্য আহত হয়েছেন। ঘটনার বিবরণ দিয়ে দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানের রেকর্ডিংয়ে যোগ দিতে কারওয়ান বাজারের উদ্দেশে বেরিয়েছিলাম। নয়াপল্টন এলাকায় বিএনপি-জামায়াতের একটি মিছিলের কারণে গাড়িটি আটকে ছিল। যদিও মিছিল থেকে বলা হচ্ছিল গাড়ি চলবে। হঠাৎ মিছিল থেকে “ওই মানিক যায়, তাকে ধর” বলে আমার ওপর আক্রমণ করে।’ তিনি বলেন, ‘মিছিলে বিএনপি- জামায়াতের লোক ছিল। তারাই আমাদের ওপর হামলা করেছে। আমার গানম্যান ও ড্রাইভারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার দাঁত দিয়ে রক্ত পড়ছে। মাথাব্যথাও করছে। আমিও চিকিৎসকের শরণাপন্ন হচ্ছি।’ এ ঘটনায় নয়াপল্টন থানায় হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে বলে জানান তিনি।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার হায়াতুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘হামলার ঘটনার কথা আমরা জেনেছি। উনি (শামসুদ্দিন চৌধুরী মানিক) অক্ষত আছেন। বিস্তারিত জেনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’