ডেটা রেভিনিউতে ভর করে চলতি ২০২২ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই- সেপ্টেম্বর) মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের আয় ১১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ১ হাজার ৩৭৯ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ হাজার ২৩৬ কোটি টাকা। বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওন-এর সর্বশেষ প্রকাশিত প্রান্তিক ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
বাংলালিংক চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকেও দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে। অপারেটরটি টানা দুই প্রান্তিকে দুই অঙ্কের প্রবৃদ্ধি নিয়ে নেটওয়ার্কের গতি ও ডিজিটাল সেবার মানে সেরা অবস্থান ধরে রেখেছে। মূলত তৃতীয় প্রান্তিকে ইন্টারনেট ডেটা থেকে আয় ২১ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি ও এর ব্যবহারকারীর সংখ্যা ৬ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি বাংলালিংকের এই ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রেখেছে।
গতকাল বাংলালিংক-এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওন-এর সর্বশেষ প্রান্তিক ফলাফল প্রকাশিত হয়েছে। এতে দেখা যায়, স্থানীয় মুদ্রায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বাংলালিংকের আয় আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ১১ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেলেও মার্কিন ডলার হিসাবে বাংলালিংক থেকে ভিওনের আয় কমেছে। চলতি তৃতীয় প্রান্তিকে বাংলালিংক থেকে ভিওনের আয় দাঁড়িয়েছে ১৪৪ মিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ১৪৫ মিলিয়ন ডলার। এ হিসাবে চলতি তৃতীয় প্রান্তিকে বাংলালিংক থেকে ভিওনের আয় ১ দশমিক ৪ শতাংশ কমেছে। মূলত ডলারের বিপরীতে টাকার বড় ধরনের অবমূল্যায়নের কারণে বাংলালিংক থেকে ভিওনের আয় কমেছে।
অবশ্য তৃতীয় প্রান্তিকে বাংলালিংক থেকে ভিওনের আয় কমলেও চলতি হিসাব বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) আয় বেড়েছে। এ সময়ে বাংলালিংকে ভিওনের আয় দাঁড়িয়েছে ৪৩৬ মিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ৪২০ মিলিয়ন ডলার। এক্ষেত্রে প্রবৃদ্ধি ৩ দশমিক ৮ শতাংশ। তবে স্থানীয় মুদ্রায় চলতি বছরের প্রথম মাসে আয়ে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১০ দশমিক ৫ শতাংশ। এ সময় বাংলালিংকের আয় হয়েছে ৩ হাজার ৯৩৬ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ হাজার ৫৬৪ কোটি টাকা। চলতি বছরের ৯ মাসে করপূর্ব মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৪৮২ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে শূন্য দশমিক ৭ শতাংশ বেশি।
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, ‘ধারাবাহিকভাবে আমাদের দুই অঙ্কের প্রবৃদ্ধি এটাই নিশ্চিত করে যে, গ্রাহকদের কাছে আমাদের সম্প্রসারিত নেটওয়ার্ক ও উন্নত ডিজিটাল সেবা স্বীকৃতি পাচ্ছে। এর ফলে বাংলালিংক এই বছরের তৃতীয় প্রান্তিকে আয়ের মার্কেট শেয়ারও বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। দেশের নানা প্রান্তে আরও ভালো অবস্থান ও নানা ধরনের ডিজিটাল সেবা নিয়ে আমরা প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত রাখতে পারব বলে বিশ্বাস করি।’