অভিনয়জীবনের দুই যুগ পার করেছেন প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী। এরই মধ্যে বয়সও পেরিয়েছে হাফ সেঞ্চুরির ঘর। গতকাল ছিল ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রীর জন্মদিন। কারও মতে জন্মদিন মানে জীবন থেকে একটি বছর কমে যাওয়া। কেউ বলেন মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। এই দিনকে আপনি কীভাবে দেখেন? জানতে চাইলে নায়িকা বলেন, ‘শুধু এই দিনে কেন, প্রতিদিনই তো মৃত্যুর কথা ভাবতে হবে। মৃত্যুকে ভয় পেলে তো চলবে না। জন্মেছি যখন, একদিন তো মরতেই হবে। তাই মৃত্যুকে জয় করতেই মৃত্যুর ভাবনা ভাবতে হবে। মৃত্যুর আগপর্যন্ত যতক্ষণই বেঁচে আছি, ততক্ষণ কাজ করব। তা ছাড়া আমি স্বপ্ন দেখতে পছন্দ করি। তাই জেগে জেগে স্বপ্ন লালন করি, যাতে স্বপ্নগুলো মরে না যায়।’
আপনি যখন চলচ্চিত্রে অভিনয় শুরু করেন, তখন ফেইসবুক ছিল না। বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে ভক্তরা চিঠি লিখত, ফুল আর চকলেট পাঠাতেন। এখন ফেইসবুকে অনেক লেখালেখি হয়। কেমন লাগে? জানতে চাইলে মৌসুমী বলেন, ‘পরিবর্তন সবাইকে মেনে নিতে হবে। আমরা এখন নতুন অনেক কিছুর সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছি। তার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম অন্যতম। ফেইসবুকে বিশেষ এই দিনে নানা কিছু লেখা হয়। এমন সব স্মৃতি উসকে দেয়, যা অকল্পনীয়। যখন ফেইসবুকে নানা ধরনের লেখা ও পুরনো ছবির স্টিল, ক্লিপিংস দেখি, নস্টালজিক হই। আবেগতাড়িত করে। ভাবতে থাকি, মানুষ কত ব্যস্ত, তারপরও নিজে থেকে মনে করে আমাকে নিয়ে লিখছে, এ তো পরম প্রাপ্তি। অনেক লেখা আছে হৃদয় নাড়িয়ে যায়। পত্রপত্রিকা ও টেলিভিশনে এই দিনে লেখা হয় এবং বিশেষ অনুষ্ঠান প্রচার করে। অভিনয়শিল্পী হিসেবে এসব তো আশীর্বাদ। একজীবনে কয়জনের ভাগ্যে এমনটা জোটে।’
১১ নভেম্বর মুক্তি পাচ্ছে মৌসুমী অভিনীত দুটি সিনেমা। একটি ‘ভাঙন’, অন্যটি ‘দেশান্তর’। ‘ভাঙন’ পরিচালনা করেছেন মির্জা সাখাওয়াত হোসেন। সিনেমার গল্পে দেখা যাবে একটি রেলস্টেশনে জড়ো হওয়া কিছু প্রান্তিক ও ছিন্নমূল মানুষকে। এখানে আছে হকার, যৌনকর্মী, পকেটমার, বংশীবাদকসহ নানা ধরনের মানুষ। তাদের জীবনযাত্রা, বেঁচে থাকা, প্রত্যাশার গল্প নিয়েই ‘ভাঙন’। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। আরও আছেন ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, রাশেদা চৌধুরী প্রমুখ। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ৪ নভেম্বর। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসে ১১ নভেম্বর মুক্তির তারিখ নিশ্চিত করেছেন পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘কিছু জটিলতার কারণে মুক্তির তারিখ পেছানো হয়েছে। আশা করছি, ১১ নভেম্বর সিনেমাটি সারা দেশের ৩০টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।’
একই দিনে মুক্তি পাবে মৌসুমী অভিনীত ‘দেশান্তর’। কবি নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন আশুতোষ সুজন। দেশভাগের ওপর লেখা ‘দেশান্তর’ উপন্যাসের প্রধান নারী চরিত্রের নাম অন্নপূর্ণা। এই চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। তার বিপরীতে রয়েছেন আহমেদ রুবেল। আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, শুভাশিস ভৌমিক, মোমেনা চৌধুরী, ইয়াশ রোহান ও টাপুর। মৌসুমীর জন্মদিন উপলক্ষে দেশান্তর সিনেমার একটি গান প্রকাশ করা হবে আজ। এ প্রসঙ্গে নির্মাতা সুজন বলেন, ‘আজ মৌসুমীর জন্মদিনে সিনেমার একটি গান রিলিজ করছি। জন্মদিন উপলক্ষে দেশান্তর টিমের পক্ষ থেকে এটা তার বার্থডে গিফট।’ দুই সিনেমা মুক্তির খবরে উচ্ছ্বসিত মৌসুমী বলেন, ‘অনেক দিন পর প্রেক্ষাগৃহে আমার সিনেমা মুক্তি পাচ্ছে। তা-ও একই দিনে দুই সিনেমা। এটা আমার জন্য আনন্দের। দুটো ছবিই সরকারি অনুদানে নির্মিত এবং গল্প দুটো আমার কাছে অসাধারণ মনে হয়েছে। দর্শক সিনেমা দুটি ভীষণ উপভোগ করবেন।’