কয়েক দিন বিরতির পর ফের বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তমব্রু সীমান্ত ঘেঁষে ওপারে মিয়ানমারে গোলাগুলি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গুলির পাশাপাশি থেমে থেমে ২৯টি মর্টারশেল বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছেন ওই সীমান্ত এলাকার বাসিন্দারা। এমন পরিস্থিতিতে সীমান্তঘেঁষা জনপদের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মোহাম্মদ আলম দেশ রূপান্তরকে বলেন, ‘বেশ কয়েকদিন ধরে মিয়ানমারে গোলাগুলির শব্দ শোনা যায়নি। কিন্তু আজ (গতকাল) থেকে সীমান্ত এলাকায় ফের বিকট শব্দ শোনা যাচ্ছে।
তমব্রুর বাসিন্দা মাহামুদুল হাসান বলেন, ‘সকাল থেকে বিকাল পর্যন্ত মর্টারশেল বিস্ফোরণের শব্দ শুনেছি। অনেকদিন মিয়ানমারে গোলাগুলি বন্ধ ছিল।’
তমব্রু বাজারের ব্যবসায়ী মো. সরওয়ার জানান, সীমান্তের ৩৪-৩৫ নম্বর পিলারের মাঝখান দিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত ২৯টি মর্টারশেল বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এমন পরিস্থিতিতে অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।
ঘুমধুম ইউপি চেয়ারম্যান একে জাহাঙ্গীর আজিজ জানান, ব্যক্তিগত কাজে তিনি কক্সবাজারে রয়েছেন। তবে সীমান্তে বিস্ফোরণের শব্দের কথা তিনি লোকমুখে শুনেছেন।
প্রায় তিন মাস ধরে মিয়ানমারে দেশটির স্বাধীনতাকামী সংগঠন আরাকান আর্মি এবং দেশটির সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ফলে আতঙ্কে রয়েছেন বাংলাদেশে সীমান্তের কাছাকাছি থাকা জনবসতির মানুষ।