ভোলায় লঞ্চ-স্পিডবোট বন্ধ: বিএনপি কর্মীরা বরিশালে, ভোগান্তি সাধারণের

লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকলেও ভোলার হাজারো বিএনপি নেতা-কর্মী বরিশাল পৌঁছেছেন। তবে, বরিশাল যাওয়ার নৌ রুটটি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারন যাত্রীরা।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর থেকে বরিশাল নদী বন্দর ও ডিসি ঘাট থেকে কোনো লঞ্চ ও স্পিডবোট ভোলার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। তেমনি ভোলা থেকেও কোনো নৌযান বরিশালে আসেনি বলে জানিয়েছেন সাধারণ যাত্রীরা।

এর মধ্যেই, শুক্রবার (৪ নভেম্বর) বিকেল পর্যন্ত ভোলার বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার বিএনপি নেতা-কর্মী বরিশাল পৌঁছাতে পেরেছেন বলে ভোলা জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর জানান, 'সরকার যতই ষড়যন্ত্র করুক আমরা তা উপেক্ষা করে সমাবেশ সফল করতে বরিশাল এসেছি। বিএনপি নেতাকর্মীরা যে যেভাবে পেরেছে ছোট নৌকা, ট্রলার ও স্পিডবোট নিয়ে এসে পৌঁছেছে।'

এদিকে, ভোলা-বরিশাল রুটে অপেক্ষমান এক যাত্রী বলেন, ব্যবসায়িক কাজে সকালে বরিশাল যাওয়ার জন্য ভেদুরিয়া লঞ্চঘাটে এসে জানতে পারেন ভোলায় কোনো লঞ্চ যাচ্ছে না, আবার সেখান থেকেও কোনো লঞ্চ আসেনি। এরপর স্পিডবোট ঘাটে গিয়ে দেখেন তাও চলছে না।

লঞ্চ বন্ধের বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জানায়, ভোলায় আওলাদ লঞ্চে বুধবার (২ নভেম্বর) হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে সকাল থেকে শুধু ভোলা রুটে লঞ্চ চলছে না।

তবে, ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশের কারণেই লঞ্চ বন্ধ করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।