বড়াইগ্রামের চামটা গ্রামে ১৪৪ ধারা উপেক্ষা করে আবার বাড়িঘর ভাঙচুর, উচ্ছেদ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে তিনটি পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছে। এর ২০ দিন আগেও প্রকাশ্যে দিনের বেলায় এ বাড়িগুলোতে ভাঙচুর করাসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেওয়া হয়। কিন্তু পুলিশ আসামিদের গ্রেপ্তার না করায় আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
জানা যায়, চামটা মৌজার ১৭১ হালদাগের ১০ কাঠা জমিতে মোক্তার হোসেন প্রায় ২৫ বছর ধরে তার দুই বড় ভাই আজিজুল হক ও তাইজুল হকসহ আরেক ভাতিজি জামাই বাড়ি করে বসবাস করে আসছেন। কিন্তু কিছুদিন যাবৎ প্রতিবেশী জনাব আলী জমিটি তার দাবি করে দখল নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে মামলা হলে আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করে। কিন্তু এ নিষেধাজ্ঞা অমান্য করে গতকাল শুক্রবার ভোরে তারা মোক্তার হোসেনের ভাই আজিজুল হকের একটি বসতঘরÑযেটি আগে ভাঙচুর করা হয়েছে, তাতে আগুন ধরিয়ে দেয়। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে জনাব আলী ও তার ঘনিষ্ঠ সাবেক মেম্বার সাদেক আলী লোকজন নিয়ে গিয়ে তাইজুল ইসলামের টিনশেড বাড়িঘর ভেঙে উচ্ছেদ করে পুরো জমিতে কাঁটাতারের বেড়া দেন। এতে এসব পরিবারের সদস্যরা তাদের ভিটায় যেতে পারছে না।
জনাব আলী বলেন, জমিটি মোক্তার হোসেনের কাছ থেকে কিনে নিয়েছি। মোক্তার হোসেন বলেন, জমি বিক্রি করিনি। তারা জমিটির জাল দলিল করেছে।