পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে পুলিশ : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুলিশ, র‌্যাব, গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, জনগণ একই প্ল্যাটফর্মে এসে জঙ্গিবাদ দমনে কাজ করেছে। সবাই একসঙ্গে কাজ করায় জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আমরা সফলতা অর্জন করেছি। জঙ্গিবাদ এখন পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

আইজিপি বলেন, জঙ্গি ও সন্ত্রাস মোকাবিলায় আমরা সবসময় এগিয়ে রয়েছি। জঙ্গিদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপারেশন চালানো হচ্ছে। জঙ্গিদের যেকোনো অপারেশনের আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তার করছে।

আইজিপি গতকাল শুক্রবার সকালে সুনামগঞ্জ শহরের ওয়েজখালী এলাকায় পুলিশের ক্রীড়া কমপ্লেক্স উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। এ ছাড়া তিনি সুনামগঞ্জ সদর মডেল থানায় পুলিশ শপিং মলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ একটি পেশাদার বাহিনী। এ বাহিনীর সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। পুলিশ প্রশিক্ষণ মডিউল অনুযায়ী দায়িত্ব পালন করে, আইন ও বিধির আলোকে ব্যবস্থা নেয়। তিনি আরও বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আইজিপি বলেন, দায়িত্ব গ্রহণের পর সুনামগঞ্জ জেলায় আমার প্রথম সফর। কারণ আমি সুনামগঞ্জের সন্তান, এই হাওর এলাকার সন্তান। আমার প্রতি আস্থা ও বিশ্বাস রেখে প্রধানমন্ত্রী আমাকে বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান নিযুক্ত করেছেন। আমি প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিও আমি কৃতজ্ঞ। আইজিপি সুনামগঞ্জবাসীকে শুভেচ্ছা জানান এবং তাদের দোয়া কামনা করেন। সে সঙ্গে পর্যটকদের নিরাপত্তায় সুনামগঞ্জে ট্যুরিস্ট পুলিশ স্থাপনে কাজ করা হবে বলে জানান।

পরে আইজিপি প্রধান অতিথি হিসেবে সুনামগঞ্জ পুলিশ লাইনে সুনামগঞ্জ জেলার পুলিশ অফিসার ও ফোর্সের সঙ্গে এক বিশেষ কল্যাণ সভায় মিলিত হন। সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ। সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ এবং অন্যান্য পুলিশ অফিসার ও ফোর্স সভায় উপস্থিত ছিলেন।