কুমিল্লা মহানগর আ. লীগের সভাপতি বাহার, সম্পাদক রিফাত

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার ও সাধারণ সম্পাদক হয়েছেন আরফানুল হক রিফাত।

শনিবার (৫ নভেম্বর) কুমিল্লার টাউন হল মাঠে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি। পুরনো কমিটি বিলুপ্ত করে উপস্থিত কাউন্সিলরদের কাছে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নাম প্রস্তাব চান তিনি। এসময় কাউন্সিলররা সভাপতি হিসেবে আ ক ম বাহাউদ্দিন বাহার ও সাধারণ সম্পাদক হিসেবে আরফানুল হক রিফাতের নাম প্রস্তাব করেন। এসময় দুই পদে অন্য কারো নাম না আসায় সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার ও সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের নাম ঘোষণা করা হয়। 

এর আগে, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।