প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মহামারীর মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বজুড়ে যে সংকট তৈরি করেছে, তাতে সব দেশকে রিজার্ভ ব্যবহার করে চলতে হচ্ছে। দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চায়ন কমে যাওয়ার ফলে তা নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে গতকাল শনিবার জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সরকারপ্রধান বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও করোনার কারণে বিশ্বব্যাপী প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। তার ধাক্কাটা আমাদের দেশে এসেও পড়েছে। মূল্যস্ফীতির কারণে সব দেশ হিমশিম খাচ্ছে। প্রত্যেকের রিজার্ভ ব্যবহার করেই চলতে হচ্ছে। আমাদেরও করতে হচ্ছে এবং সেটা মানুষের জন্য।’
বৈশ্বিক মন্দা ও সংকটের প্রভাব নিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা সারা দেশে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করেছি, আমরা শতভাগ বিদ্যুৎ দিয়েছি প্রতি ঘরে ঘরে, যদিও এখন ইউক্রেন যুদ্ধ এবং নিষেধাজ্ঞার কারণে আমাদের বিদ্যুৎ উৎপাদনে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।’
সংকট মোকাবিলায় সরকার সঠিক পথে রয়েছে বলেও দেশবাসীকে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা যে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছিলাম, কভিড, যুদ্ধ এবং নিষেধাজ্ঞার কারণে আমাদের কিছুটা থমকে দাঁড়াতে হয়েছে এটা ঠিক; কিন্তু এই অবস্থা অতিক্রম করে আমরা এগিয়ে যাব। আমাদের লক্ষ্য জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা কায়েম করব।’
শেখ হাসিনা খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশকে আরও এগিয়ে নিতে জনগণকে একত্র করে সমবায় গঠনের মাধ্যমে কার্যক্রম পরিচালনার জন্য দেশের যুবসমাজের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের যুবসমাজকে এগিয়ে আসতে হবে। যদি যুবসমাজ এগিয়ে এসে সমগ্র গ্রাম ও মানুষকে এক করে সমবায়ের মাধ্যমে কার্যক্রম চালাতে পারে তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব। কারণ সবারই একটা দায়িত্ব থাকবে।’
উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশবাসীকে এখন মিতব্যয়ী হওয়ারও আহ্বান জানান তিনি।