আমার বেশিরভাগ উপন্যাসই সাইকোলজিক্যাল থ্রিলার

চ্যানেল আইয়ে প্রচার হচ্ছে শানারেই দেবী শানু অভিনীত ধারাবাহিক নাটক ‘রঙের মানুষ ঢঙের খেলা’। এ নাটক নিয়ে দর্শকের প্রতিক্রিয়া, বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন তিনি

রঙের মানুষ ঢঙের খেলা...

টিভি দর্শকের কথা জানি না, তবে ইউটিউবে ‘রঙের মানুষ ঢঙের খেলা’ নাটকটি অনেকে দেখছেন। ইউটিউবে চোখ রাখলে দেখবেন, এই নাটক নিয়ে দর্শক তাদের নানা ধরনের মন্তব্য তুলে ধরেছেন। ইবনে হাসান খানের লেখা গল্পও বেশ মজার। দর্শকের ভালো লাগার বিষয়টি মাথায় রেখেই ইউসুফ আলী খোকন চিত্রনাট্য লিখেছেন। পরিচালক সোহেল হাসানও চেষ্টা করেছেন গল্পের সঙ্গে চরিত্রগুলো বাস্তব করে তুলে ধরার। এটা সত্যিÑ এখন অনেক চ্যানেল, অনেক নাটক; এরপরও এ নাটক দর্শক দেখছেন, ভালো লাগা-মন্দ লাগার বিষয়টি শেয়ার করছেন এটাই আসলে প্রাপ্তি।

কম উপস্থিতি...

প্রতিদিন পর্দায় নিজেকে তুলে ধরতে হবে এই ভাবনা নিয়ে আসলে কাজ করি না। অভিনয়ের প্রতি ভালোবাসা আছে বলেই ভালো কিছু কাজ করতে চাই। শিল্পীসত্তার আত্মতৃপ্তি বলেও তো একটা কথা আছে। যেকোনো গল্প বা চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাওয়ার ইচ্ছা নেই। তাই সংখ্যায় কম হলেও সেই কাজগুলোই করছি, যেখানে অভিনয় করে আনন্দ পাব। এর মধ্যে চারটি অভিনয় করছি, যার প্রতিটি চরিত্রই আলাদা।

নতুন সিনেমায়...

সিনেমায় আবার কবে দেখা যাবে, জানি না। আমার ইচ্ছা আছে বড়পর্দায় কাজ করার, এখন দেখা যাক আবার কবে অভিনয়ের সুযোগ আসে। একটা বিষয় খেয়াল করেছি, লেখক হিসেবে আত্মপ্রকাশের পর অনেকে ভিন্ন দৃষ্টিতে দেখা শুরু করেছেন। বিশেষ করে পাঠকরা। তারা যেন আমাকে কোনোভাবেই সিনেমার নায়িকা হিসেবে ভাবতে চাইছেন না।

লেখক নাকি অভিনেত্রী...

অভিনেত্রী ও লেখক দুই পরিচয়ই আমার কাছে সমান ভালো লাগার। আমি যখন লেখালেখি করি, তখন অভিনয়ের বিষয় পুরোপুরি মাথা থেকে ঝেড়ে ফেলি। অভিনয়ের সময়ও কোনো গল্পের প্লট মাথায় আনতে চাই না। আমার কাছে অভিনেত্রী ও লেখক দুটোই আলাদা সত্তা।

লেখা থেকে ফিকশন...

নির্মাণ বিষয়ে নিজে কিছু ভাবছি না। আমার বেশিরভাগ উপন্যাসের কাহিনী সাইকোলজিক্যাল থ্রিলার। যে জন্য বেশ কয়েকজন নির্মাতা আমার উপন্যাস নিয়ে কাজ করার কথা বলেছেন। তাদের নির্মাণ পরিকল্পনাও ভালো লেগেছে। তাই উপন্যাস থেকে চিত্রনাট্য লিখছি। এখন দেখি, কবে নাগাদ কী হয়।