সিলেটে বিএনপি নেতা আ ফ ম কামালকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। গতকাল রবিবার রাত ৯টার দিকে নগরীর আম্বরখানা বড়বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আ ফ ম কামাল সিলেট জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক। এর আগে তিনি সিলেট জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক এবং সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, কে বা কারা এ ঘটনায় জড়িত এখনো জানা যায়নি। তবে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। ইতিমধ্যে ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল আহাদ খান জামাল বলেন, ‘কে বা কারা আ ফ ম কামালকে ছুরিকাঘাত করে হত্যা করেছে তা আমরা এখনো জানতে পারিনি। রাজনৈতিক বিরোধ থেকে এ হত্যাকান্ড কি না তাও আমরা নিশ্চিত নই।’
এসএমপির এয়ারপোর্ট থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির জানান, রবিবার রাতে আম্বরখানা এলাকায় দুটি মোটরসাইকেলযোগে এসে বিএনপি নেতা আ ফ ম কামালকে ছুরিকাঘাত করে চলে যায় খুনিরা। ওসি আরও জানান, পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাজু নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িত অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।