বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা সফররত দেশটির মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক উপসহকারী মন্ত্রী আফরিন আক্তার। তিনি বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আশা করে যুক্তরাষ্ট্র। সে জন্য তারা বাংলাদেশকে সহযোগিতাও করছেন।
গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলমের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন আফরিন আক্তার।
যুক্তরাষ্ট্রের উপসহকারী মন্ত্রী বলেন,অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রের ঢাকা মিশন এবং ইউএস-এইডের বাংলাদেশ কার্যালয় বাংলাদেশের সুশীল সমাজের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এ প্রতিনিধি আরও বলেন, ‘আমি এখানে প্রথমবারের মতো এসেছি। একসঙ্গে কীভাবে আমরা কাজ করতে পারি, সে ব্যাপারে সরকারের কর্মকর্তা, সুশীল সমাজ এবং সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে আলোচনা করতে এসেছি।’
রোহিঙ্গা ইস্যুতে আফরিন আক্তার বলেন, ‘বাংলাদেশের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে কাজ করছে যুক্তরাষ্ট্র। সেক্রেটারি অব স্টেট রোহিঙ্গাদের জন্য যে ১৭০ মিলিয়ন ডলারের ঘোষণা দিয়েছেন, সেটি বাস্তবায়নে কীভাবে কাজ করা যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।’
মেরিটাইম সিকিউরিটি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান আফরিন আক্তার। তিনি বলেন, ‘কীভাবে বঙ্গোপসাগরে মৎস্য ও খনিজসম্পদের সর্বোচ্চ সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যায়, সেটি আলোচনায় এসেছে।’ বাংলাদেশ সফরে এসে খুব ভালো লাগছে বলেও জানান তিনি।
দুই দিনের সফরে গত শনিবার রাতে ঢাকায় আসেন আফরিন আক্তার। সফরে পররাষ্ট্র সচিব ছাড়াও সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার।