পাকিস্তানের বোলিং আক্রমণ নিয়ে সতর্ক নিউজিল্যান্ড

খাদের কিনার থেকে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। ফাইনালে পৌঁছাতে তাদের সামনে বাধা নিউজিল্যান্ড। গত আসরে যারা ফাইনালে উঠলেও শিরোপা ছুঁতে পারেনি। এবার সেই আক্ষেপ ঘোচাতে বদ্ধপরিকর তারা। তবে পাকিস্তানের বোলিং আক্রমণ নিয়ে বেশ সতর্ক দলটি।

সিডনিতে বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার প্রথম সেমিফাইনাল ম্যাচটি। আগের দিন ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ নিয়ে বলতে গিয়ে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, ‘ওদের দুর্দান্ত পেস আক্রমণ রয়েছে। আমি আগেও বলেছি যে, ওরা সত্যিই দারুণ ক্রিকেট খেলছে। ওদের দলে বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে, যারা যথার্থই ম্যাচ উইনার। সেটাই ওদের প্রকৃত শক্তি।’

তবে নিউজিল্যান্ডেরও বড় শক্তি তাদের বোলিং। উইলিয়ামসন বলেন, ‘আমাদের বোলাররা অত্যন্ত অভিজ্ঞ। দীর্ঘ দিন ধরে খেলছে। টুর্নামেন্ট জুড়েও দারুণ বল করেছে। আগামীকাল আমাদের আরও একটি প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে। সেভাবেই আমাদের মানিয়ে নিতে হবে।’

টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ২৮ ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তান। জয়ের পাল্লাটা পাকিস্তানের দিকেই ভারী। ১৭ ম্যাচে জিতেছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ছয়বারের দেখায়ও চারটিতে জয় পাকিস্তানের। এখন সিডনিতে নিউজিল্যান্ড হাসতে পারবে তো? সফল হলে আরও একটি আইসিসি ইভেন্টের ফাইনালে দেখা যাবে তাদের।