বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা কোম্পানির ৬ কোটি ডলার বিনিয়োগ

চীনা কোম্পানি কাইজি লানজারে বাংলাদেশ কোম্পানি লিমিটেড ৬ কোটি ৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি কম্পোজিট গার্মেন্টস কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ বিনিয়োগে কাইজি লানজারে বাংলাদেশ নিজস্ব উৎপাদন ও রপ্তানির জন্য বার্ষিক ৩ কোটি পিস লানজারে পণ্য এবং সহায়ক টেক্সটাইল (ফেব্রিক) হ্যাঙ্গার ও ফোম উৎপাদন করবে। প্রতিষ্ঠানটি ১১ হাজার বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে ঢাকায় বেপজা কমপ্লেক্সে কাইজি লানজার একটি চুক্তি স্বাক্ষর করে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং কাইজি লানজারে বাংলাদেশের পরিচালক জিয়াও হংজি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগ গন্তব্য হিসেবে বেছে নেওয়ায় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান কাইজি লানজারেকে অভিনন্দন জানান। তিনি নতুন এই বিনিয়োগকারীকে কারখানা স্থাপন ও উৎপাদন কার্যক্রম শুরু করতে বেপজার সব ধরনের সেবা প্রদানে আশ্বস্ত করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান কারখানা ভবন তৈরির সময় জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের প্রতি আহ্বান জানান। তিনি প্রতিষ্ঠানটির কারখানা ভবনের ছাদকে নবায়নযোগ্য শক্তি উৎপাদনের কাজে ব্যবহারের অনুরোধ জানান। 

বেপজা অর্থনৈতিক অঞ্চলে প্লট বরাদ্দসহ তাদের প্রকল্পটি দ্রুত প্রক্রিয়াকরণের জন্য কাইজি লানজারে বাংলাদেশের পরিচালক জিয়াও হংজি বেপজাকে ধন্যবাদ জানান।

অন্যান্যের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন চৌধুরী,  নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, অতিরিক্ত নির্বাহী পরিচালক (জনসংযোগ) আনোয়ার পারভেজসহ কাইজি লানজারে বাংলাদেশের মহাব্যবস্থাপক কুই হাইবিন এবং কনসালট্যান্ট এ জেড এম আজিজুর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি