প্রেম প্রত্যাখ্যান, পরীক্ষার্থীকে পিটিয়ে পালালেন শিক্ষক

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মুন্সীগঞ্জ শহরে পরীক্ষা কেন্দ্রের সামনে এইচএসসি পরীক্ষার্থীকে মারধর করেছেন এক শিক্ষক। গতকাল মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে শহরের কোর্টগাঁও এলাকার মুন্সীগঞ্জ মহিলা কলেজের সামনে এ ঘটনায় পরীক্ষার্থীর বাবা সন্ধ্যায় মুন্সীগঞ্জ কলেজের খন্ডকালীন শিক্ষক মনির হোসেন সজলের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ওই শিক্ষকের বাড়ি জেলা সদরের মহাকালী ইউনিয়নের বাগেশ্বর গ্রামে।

পরীক্ষার্থীর বাবা জানান, তার মেয়ে শহরের সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থী। জেলা শহরেই পরিবার নিয়ে বাস করতেন তিনি। কিন্তু কয়েক মাস ধরেই শহরের কাছের কাটাখালী এলাকার মুন্সীগঞ্জ কলেজের খন্ডকালীন শিক্ষক মনির হোসেন সজল তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তা প্রত্যাখ্যান করায় সজল মেয়েটিকে উত্ত্যক্ত শুরু করলে তিনি পরিবার নিয়ে জেলার সিরাজদীখান উপজেলায় চলে যান। এ নিয়ে গত ২৪ সেপ্টেম্বর সদর থানায় জিডি করেন।

গতকাল সকালে সিরাজদীখান থেকে মা ও বোনের সঙ্গে মেয়েটি মুন্সীগঞ্জ মহিলা কলেজে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নিতে আসে। কলেজের কাছে আসতেই ওই শিক্ষক মা-বোনের সামনে প্রথমে মেয়েটিকে জাপটে ধরেন, এরপর মারধর শুরু করেন। মা-বোনের চিৎকারে আশপাশের লোকজন আসার আগেই পরীক্ষার্থীর হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে পালিয়ে যান শিক্ষক।

সদর থানার ওসি মো. তারিকুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। মামলার রুজু প্রক্রিয়াধীন। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত শিক্ষক। তাকে গ্রেপ্তার ও পরীক্ষার্থীর মোবাইল ফোনসেট উদ্ধারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

মুন্সীগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র হীরা বলেন, এ ঘটনা মুন্সীগঞ্জ কলেজের অধ্যক্ষ ও প্রশাসনকে অবহিত করেছি। ওই শিক্ষার্থী যাতে নির্বিঘেœ পরীক্ষা সম্পন্ন করতে পারে তাতে আমরা সচেষ্ট থাকব।