মুক্তির মিছিলে বীরকন্যা প্রীতিলতা

আগামী ১৮ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমা। ব্রিটিশবিরোধী আন্দোলনে হাজারো সংগ্রামী অবদান রেখেছেন। নারীরাও এ আন্দোলনে শামিল হয়েছিলেন। এ সংগ্রামী নারীদের একজন প্রীতিলতা ওয়াদ্দেদার। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের বিপ্লবে অংশ নিয়েছিলেন তিনি। ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের ওপর কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’। চলচ্চিত্রটি প্রযোজনা ও পরিচালনা করেছেন প্রদীপ ঘোষ।

প্রীতিলতা ওয়াদ্দেদারের শৈশবের বিদ্যাপীঠ চট্টগ্রামের ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয় থেকে চলচ্চিত্রটির প্রচার শুরু হয় ২ নভেম্বর থেকে। প্রচারণায় অংশ নেন এর অভিনেতা অভিনেত্রী ও কলাকুশলীরা। ঐতিহাসিক প্রেক্ষাপটনির্ভর ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী প্রীতিলতার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা।

ঢাকায় ৫ নভেম্বর প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতিবিজড়িত শিক্ষাপ্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজ থেকে ঢাকার প্রচার কার্যক্রম শুরু হয়। এই প্রচার কার্যক্রমের উদ্বোধন করবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এতে অংশ নেবেন অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা, মনোজ প্রামাণিক ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। সিনেমার একটি গানের কথা লিখেছেন পরিচালক প্রদীপ ঘোষ। আর তার সুর ও কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের সরকারি অনুদান পায় সিনেমাটি।

এর আগে ২৪ সেপ্টেম্বর বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস উপলক্ষে চলচ্চিত্রের ফার্স্ট লুক টিজার প্রকাশ করা হয়। পৌনে এক মিনিটের ফার্স্ট লুক টিজারে বীরকন্যা প্রীতিলতা রূপে তিশাকেই দেখা গেছে কয়েক ঝলক। সেই সঙ্গে রামকৃষ্ণ বিশ্বাসের চরিত্রে অভিনেতা মনোজ প্রামাণিককেও দেখা গেছে।

ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল।

সারা ভারতের স্বাধীনতার স্বপ্নকে আন্দোলিত করেছিল চট্টগ্রামের যুববিদ্রোহ। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে সাহসিকতাপূর্ণ অভ্যুত্থানের মধ্য দিয়ে চট্টগ্রাম চার দিন স্বাধীন ছিল। দুইশ বছরের ব্রিটিশ শাসন-শোষণের ও পরাধীনতার শৃঙ্খল মোচনে, বীর চট্টলার মাটিতে জন্ম নেন বীর নারী প্রীতিলতা ওয়াদ্দেদার। যিনি ইউরোপিয়ান ক্লাবে সফলভাবে হামলা করেন। প্রীতিলতার আত্মাহুতির বীরোচিত ঐতিহাসিক ঘটনার বিশদ বিবরণ নিয়েই এই চলচ্চিত্র। যার কিছুটা আভাস পাওয়া গেল টিজারে।

এ প্রসঙ্গে পরিচালক প্রদীপ ঘোষ জানিয়েছেন, এ উপমহাদেশের প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার। ১৯৩০-এর দশকের সেই সময়টা ছিল বিদ্রোহের। ওই সময় নারী হয়ে বিদ্রোহী হয়ে ওঠা ছিল সাহসের। প্রীতিলতার সাহসের ওই গল্পটিই আমরা এখানে তুলে ধরেছি।